ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাব অনুযায়ী, গত অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।
বিপরীতে, একই সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্য হয়েছে ১০ দশমিক ৭২ বিলিয়ন ডলার। ফলে ভারতকে ছাড়িয়ে বাংলাদেশের বাণিজ্য অংশীদারদের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। বরাবরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে চীন। খবর ফার্স্টপোস্টের।
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বাড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দেশটি থেকে পণ্য আমদানি বৃদ্ধি। গত এক বছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি প্রায় ৪৩ শতাংশ বেড়ে ৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
মার্কিন শুল্ক নীতির চাপ মোকাবিলায় যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য ও জ্বালানি আমদানি বাড়ানোর কৌশল নেয় বাংলাদেশ। এর ফলে যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন বীজ, তুলা এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বোয়িংয়ের ১৪ বিমান কেনার সিদ্ধান্তও বড় কারণ
দুই দেশের বাণিজ্য বৃদ্ধিতে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি বিমান কেনার সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বড় অঙ্কের এই ক্রয়চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্যের পরিমাণ বাড়াতে ভূমিকা রেখেছে।
ভারতের সঙ্গে বাণিজ্যে কমেছে গতি
অন্যদিকে, ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে কিছুটা ভাটা পড়েছে। গত এক বছরে দুই দেশের মধ্যে বিভিন্ন নিয়মকানুন এবং পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে বাণিজ্যে এর প্রভাব পড়েছে।
বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে দেয়। এর বিপরীতে ভারতও কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে পাঠানোর বিশেষ সুবিধা তুলে নেয়। এসব পদক্ষেপের ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে।
সব মিলিয়ে ভারত ও বাংলাদেশের বাণিজ্যে যখন কিছুটা শ্লথতা দেখা দিয়েছে, তখন ঢাকার সঙ্গে ওয়াশিংটনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরালো হয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র।
এনএনবাংলা/
