জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এ অভিযোগপত্র দাখিল করা হয়।
অন্য অভিযুক্তরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম জামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
অভিযুক্তদের মধ্যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এ কে এম জামাল উদ্দিন ও তানভীর হাসান সৈকত বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যরা পলাতক রয়েছেন বলে প্রসিকিউশন সূত্রে জানা গেছে।
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উসকানি, ষড়যন্ত্র, চেষ্টা ও প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, তৎকালীন ঢাবি উপাচার্য এ এস এম মাকসুদ কামালের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া এবং ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এসব কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের হামলার অভিযোগ রয়েছে।
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, এসব অভিযোগের ভিত্তিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
এর আগে গত আগস্টে এ মামলায় জাফর ইকবাল, মাকসুদ কামালসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়েছিল। পর্যালোচনা ও যাচাই-বাছাই শেষে এবার ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হলো।
এনএনবাংলা/
