গণহত্যার রায়ে ঐতিহাসিক জয়, তবুও কি স্বদেশে ফিরতে পারবে রোহিঙ্গারা?

বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে রোহিঙ্গাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যার অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন শরণার্থীরা। তবে গণহত্যার বিচারিক স্বীকৃতি মিললেও নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার স্বপ্ন এখনো অধরা।
বৃহস্পতিবার দেওয়া রায়ে ২০১৭ সালের সামরিক অভিযানের সময় মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে। দীর্ঘ প্রতীক্ষিত এই রায়কে নিজেদের ওপর সংঘটিত নির্যাতনের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা।
তবে রায়ের পরও প্রত্যাবাসন কবে শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। কারণ, মিয়ানমারের রাখাইন রাজ্যে এখনো গৃহযুদ্ধ চলছে। বিশেষ করে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটির পরিস্থিতি আরও জটিল হয়েছে। ফলে রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি।
বর্তমানে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন। বিপুলসংখ্যক এই জনগোষ্ঠীর দায়িত্ব পালন করতে গিয়ে অর্থনৈতিক ও সামাজিক চাপের মুখে পড়েছে বাংলাদেশ। একই সময়ে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তাও কমে আসছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, রোহিঙ্গা সংকটের একমাত্র কার্যকর সমাধান তাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসন। আইসিজের রায় এ বিষয়ে আন্তর্জাতিক চাপ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে।
শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘আগামীকাল কিংবা খুব শিগগিরই প্রত্যাবাসন শুরু হবে না। তবে নিরাপদে ফেরার পথ নিশ্চিত করতে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বহুপক্ষীয় উদ্যোগের মাধ্যমে চাপ সৃষ্টি করব।’
আইসিজের রায়ের পর প্রত্যাবাসনের সম্ভাব্য সময়সীমা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে এটিই প্রথম কোনো ইঙ্গিত।
রায়কে অন্যায্য বলছে মিয়ানমারের জান্তা সরকার
রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। রায়কে ‘অন্যায্য’ আখ্যা দেওয়ার পাশাপাশি এটি সর্বসম্মত ছিল না বলেও দাবি করেছে দেশটি।
মিয়ানমার নাওয়ের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাজধানী নেপিডোয় এক সংবাদ সম্মেলনে জান্তা সরকারের পক্ষ থেকে এসব বক্তব্য দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেন, আইসিজের রায় পর্যালোচনা ও ভালোভাবে বোঝার জন্য সরকারের সময় প্রয়োজন।
তিনি দাবি করেন, ১৫ জন বিচারকের সবাই রায়ের সঙ্গে একমত হননি। তার ভাষ্য অনুযায়ী, ৯ জন বিচারক সিদ্ধান্তের পক্ষে সম্মতি দিয়েছেন এবং ছয়জন দ্বিমত পোষণ করেছেন। এ কারণে রায়টিকে সর্বসম্মত বলা যায় না।
রায়ের সমালোচনা করতে গিয়ে সোয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠান নিয়ে অবস্থানের প্রসঙ্গও তুলে ধরেন।
একই সঙ্গে মামলায় পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার যুক্ত হওয়া নিয়েও সমালোচনা করেন তিনি। তার দাবি, গাম্বিয়ার সঙ্গে মিয়ানমারের কোনো সম্পর্ক নেই।
প্রত্যাবাসনের পথে সবচেয়ে বড় বাধা রাখাইনের গৃহযুদ্ধ
রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উদ্যোগ গত কয়েক বছরে একাধিকবার নেওয়া হলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। বিশ্লেষকদের মতে, গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতের রায়ের মুখে পড়া মিয়ানমারের সামরিক বাহিনী ও তাদের সমর্থিত সরকারের কাছ থেকে প্রত্যাবাসনে আন্তরিক সহযোগিতা পাওয়ার সম্ভাবনা কম।
মিয়ানমারবিষয়ক স্বাধীন বিশ্লেষক সাই কিয়ি জিন সো বলেন, আইসিজের নির্দেশনায় রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরানোর বিষয়টি রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম।
এর প্রধান কারণ ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাতের পর শুরু হওয়া গৃহযুদ্ধ। এই সংঘাতের কারণে রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে প্রায় ৭ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। সেই সামরিক অভিযানই গণহত্যার মামলার মূল বিষয়।
এরপর ২০২৩ সালের শেষ দিকে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এতে আরও বহু মানুষ বাস্তুচ্যুত হন এবং বাংলাদেশে আশ্রয় নেন।
বর্তমানে রাখাইন রাজ্যের প্রায় পুরো এলাকার নিয়ন্ত্রণ মিয়ানমারের সামরিক বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে আরাকান আর্মি। রোহিঙ্গাদের যেসব এলাকায় ফিরে যাওয়ার কথা, সেগুলোর বড় অংশও এখন বিদ্রোহী গোষ্ঠীটির নিয়ন্ত্রণে।
রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ রয়েছে আরাকান আর্মির বিরুদ্ধেও। তবে আইসিজের রায় নিয়ে গোষ্ঠীটি এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। রয়টার্সের প্রশ্নেরও জবাব দেয়নি তাদের একজন মুখপাত্র।
নাগরিকত্ব ও নিরাপত্তা ছাড়া ফিরতে চান না রোহিঙ্গারা
গত আগস্টে মিয়ানমার সরকার জানিয়েছিল, বাংলাদেশের শরণার্থী শিবিরে বসবাসরত ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জন রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করা হয়েছে। তবে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন শুরু করা হবে না বলে জানায় দেশটি।
২০১৭ সালের আগে মিয়ানমারে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বসবাস করতেন। বিভিন্ন হিসাব অনুযায়ী, বর্তমানে রাখাইন রাজ্যে তাদের সংখ্যা প্রায় ৬ লাখ। এর মধ্যে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুতদের শিবিরে বসবাস করছেন।
মিয়ানমার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করে আসছে। প্রজন্মের পর প্রজন্ম দেশটিতে বসবাস করলেও তাদের নাগরিকত্ব অস্বীকার করা হয়েছে।
আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লেওয়া বলেন, ‘নাগরিকত্ব, অধিকার ও প্রকৃত নিরাপত্তা ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবর্তন সম্ভব নয়।’
রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, সেখানে বসবাসরত রোহিঙ্গারা চলাচল ও ত্রাণ পাওয়ার জন্য সামরিক বাহিনীর ওপর নির্ভরশীল। একই সঙ্গে তারা প্রতিশোধমূলক হামলার ঝুঁকিতেও রয়েছেন।
রোহিঙ্গা সংকট নিয়ে নতুন কূটনৈতিক চ্যালেঞ্জে বাংলাদেশ
১৭ কোটি ৫০ লাখ মানুষের বাংলাদেশ অর্থনৈতিক চাপের মধ্যেও বিপুলসংখ্যক রোহিঙ্গার দায়িত্ব পালন করছে। শরণার্থীদের দেশটিতে কাজ করার সুযোগ নেই। দীর্ঘদিন ধরে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ঢাকা।
তবে নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন সম্ভব নয় বলে বারবার জানিয়েছে বাংলাদেশ। আইসিজের রায় প্রত্যাবাসনের পক্ষে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করলেও নতুন কিছু জটিলতা তৈরি করেছে।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হর্সি বলেন, ঢাকাকে এখন এমন একটি রাষ্ট্রের সঙ্গে প্রত্যাবাসন নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে, যেটিকে আদালত গণহত্যার জন্য দায়ী করেছে। একই সঙ্গে ক্রমবর্ধমানভাবে আরাকান আর্মির সঙ্গেও আলোচনা করতে হবে।
গত সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বহুপক্ষীয় উদ্যোগ জোরদার করে প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির চেষ্টা করবে ঢাকা।
তবে রোহিঙ্গাদের জন্য অর্থায়ন এখন বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য প্রয়োজনীয় ৭১০ মিলিয়ন ডলারের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৬৯ শতাংশ অর্থ পাওয়া গেছে।
এদিকে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় মালয়েশিয়াও রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃত জাতিসংঘের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ নাগাদ মালয়েশিয়ায় ১ লাখ ৩৩ হাজার ৪০০ রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন।
শুক্রবার মালয়েশিয়া জানিয়েছে, একটি কাঠামোবদ্ধ দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসন করা হবে। উদ্যোগটি বাস্তবায়িত হলে এটি বড় ধরনের পুনর্বাসন কর্মসূচি হিসেবে বিবেচিত হবে।
ঐতিহাসিক রায়ের পরও কি পূরণ হবে রোহিঙ্গাদের স্বপ্ন?
কক্সবাজারের একটি ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে বসবাস করেন ২৪ বছর বয়সী মোহাম্মদ জুবায়ের। আইসিজের রায়কে রোহিঙ্গাদের জন্য নতুন আশার উৎস হিসেবে দেখছেন তিনি।
জুবায়ের বলেন, ‘একজন রোহিঙ্গা হিসেবে এই মুহূর্ত আমাকে নতুন শক্তি জুগিয়েছে। আমার সবচেয়ে বড় স্বপ্ন শুধু বিশ্বকে আমাদের ওপর ঘটে যাওয়া অন্যায়ের স্বীকৃতি দিতে দেখা নয়। আমি সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন আমরা আমাদের পূর্বপুরুষের মাটিতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারব।’
রোহিঙ্গাদের দীর্ঘদিনের নির্যাতন ও নিপীড়নের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের রায় নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তবে এই বিচারিক স্বীকৃতিকে বাস্তবে নিরাপদ প্রত্যাবাসনে রূপ দিতে হলে মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্ব, মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাখাইনের চলমান সংঘাতেরও অবসান প্রয়োজন।
ফলে আইসিজের ঐতিহাসিক রায় রোহিঙ্গাদের মনে নতুন আশার আলো জ্বালালেও স্বদেশে ফেরার স্বপ্ন পূরণে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।
এনএনবাংলা/

