সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ফতুল্লায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩০ যাত্রী আহত

নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের হেলপারসহ বাসটির অন্তত ৩০জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৪টায় জামতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৩০জন যাত্রী নিয়ে রাজশাহী থেকে ফতুল্লার পঞ্চবটি ফিরছিলেন সিংড়া এ্যালিগেন্স নামের একটি দূরপাল্লার বাস। একই সময় পঞ্চবটি থেকে চাষাঢ়ায় যাচ্ছিল একটি বালুবাহী ট্রাক। ভোর ৪টার সময় জামতলা এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি বেপরোয়া গতিতে চালিয়ে বাম দিক থেকে গিয়ে বাসের ডানপাশে ধাক্কা দেয়। এতে ট্রাক ও বাসের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। এসময় উভয় গাড়ির চালকরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ট্রাকের ভেতর আটকা পড়েন হেলপার রাকিব এবং বাসের ভেতর আহত হন অন্তত ৩০জন যাত্রী। আহত বাস যাত্রীদের মধ্যে নারী ও পুরুষের সঙ্গে কয়েকজন শিশুও ছিল।

পরে ট্রাকের লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় ট্রাকের ভেতরে আটকে পড়া আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে আহতদের উদ্ধার তৎপরতা চালায়।

আহত বাসযাত্রীরা জানান, তাদের কেউ কেউ মাথায় ও মুখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। অনেকের শরীরে জখম হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করেছে। আহত হয়েছে কিছু যাত্রী। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে নিহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি আটক করা হয়েছে।

পলাতক চালকদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

—ইউএনবি