Skip to content

বর্তমানে দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে: ডা. জাহেদ উর রহমান

 

দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি আশ্বস্ত করে বলেন, বিদ্যমান পরিস্থিতিতে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই এবং দেশের কোথাও তেলের পাম্পে দীর্ঘ লাইনের ঘটনাও দেখা যাচ্ছে না।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। তিনি জানান, দেশে বর্তমানে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। এছাড়া আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে বলে জানান তিনি।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানায়। তবে কোনো ধরনের ভুল তথ্য বা অপতথ্য প্রচার সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন। তিনি আরও বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরা অত্যন্ত জরুরি।

দেশে জঙ্গি তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে জঙ্গি কার্যক্রমের কিছু ঝুঁকি রয়েছে। তবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেনি যে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার প্রয়োজন রয়েছে। অতীতে এ বিষয়ে অতিরঞ্জিত প্রচার যেমন হয়েছে, তেমনি বিষয়টি একেবারে অস্বীকার করাও বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি।

সীমান্ত হত্যা প্রসঙ্গে উপদেষ্টা জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তে হত্যার ঘটনা প্রায় ৭৫ শতাংশ কমেছে। এই সংখ্যা পুরোপুরি শূন্যে নামিয়ে আনতে প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হচ্ছে বলেও তিনি জানান।

এনএনবাংলা/পিএইচ