Skip to content

ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায়, তাহলে তার জবাব হবে অত্যন্ত কঠোর—এমনকি দেশটিকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ কথাও উল্লেখ করেন। এই মন্তব্যে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি নতুন করে ঝুঁকির মুখে পড়েছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির কথা তুলে ধরে বলেন, তাদের কাছে উন্নত অস্ত্র ও বিশ্বজুড়ে বিস্তৃত সামরিক ঘাঁটি রয়েছে।

অন্যদিকে, আল জাজিরা জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার ইরানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা হরমুজ প্রণালির কাছে ইরানের সাতটি ছোট নৌকা ডুবিয়েছে।

এ পরিস্থিতিতে মার্কিন প্রশাসন ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এর উদ্দেশ্য হলো হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং সম্ভাব্য ইরানি অবরোধ মোকাবিলা করা।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপার জানান, ওই এলাকায় ৮৭টি দেশের জাহাজ আটকা পড়ে আছে। তিনি বলেন, এসব জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিভিন্ন দেশ ও শিপিং কোম্পানির সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

তবে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাত উপকূলে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই এলাকায় আরও দুটি জাহাজে হামলার তথ্য দিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স।ফলে হরমুজ প্রণালিতে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে।

এনএনবাংলা/পিএইচ