সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নারীবিদ্বেষী প্রচারণা বন্ধে কঠোর পদক্ষেপ ও বিচার নিশ্চিতের দাবি

নিজস্ব প্রতিবেদক

নারীবিদ্বেষী সব প্রচারণা বন্ধে রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নারীর প্রতি সংঘটিত সহিংসতার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি।

বৃহস্পতিবার (৮ মে) জাতীয় প্রেসক্লাবে সামাজিক প্রতিরোধ কমিটি আয়োজিত নারীর সমতা বিরোধী, মর্যাদা হানিকর বক্তব্য ও আচরণের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদ ও সামাজিক প্রতিরোধ কমিটির সভাপতি ফাওজিয়া মোসলেম বলেন, গত ৩ মে নারী বিষয়ক সংস্কার কমিশন এবং তাদের প্রস্তাবনা বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের সমাবেশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নারীদের প্রতি চরম অসম্মানজনক, বর্বরোচিত ও ন্যাক্কারজনক আচরণ প্রদর্শন করা হয়েছে, যা সমগ্র নারী সমাজসহ দেশবাসীকে স্তম্ভিত ও ক্ষুব্ধ করেছে। এই ধরনের বর্বরোচিত আচরণ ও বক্তব্য কোনো সভ্য দেশ ও সমাজের পরিচয় বহন করে না। দেশব্যাপী ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে দেরিতে হলেও হেফাজতে ইসলামের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে প্রচলিত নারীবিদ্বেষ, নারীর প্রতি বিদ্বেষমূলক আচরণ ও ভাষা নারীর স্বাধীন চলাফেরাকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে চাচ্ছে। যেখানে সেখানে নারীর পোশাক, সাজসজ্জা ও চলাফেরা নিয়ে জনসমক্ষে নারীকে অপমান করা হচ্ছে। গণপরিসরে নারীকে নানাভাবে শারীরিক ও মৌখিকভাবে হেনস্থা করা হচ্ছে। এটা সুস্থ দেশ ও সমাজ গঠনের জন্য প্রতিবন্ধকতাস্বরূপ।

এ সময় সংগঠনের পক্ষ থেকে কিছু দাবি তোলা হয়—

১. নারীবিদ্বেষী সব প্রকার প্রচার-প্রচারণা বন্ধ করার লক্ষ্যে রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

২. মব সহিংসতার সঙ্গে জড়িতদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং মব সহিংসতার অবসান ঘটানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩. নারীর প্রতি সব প্রকার সহিংসতার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

৪. গণমাধ্যমকে সঠিক তথ্য উপস্থাপনের লক্ষ্যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

৫. সব ক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা বৃদ্ধিসহ সারা দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নয়নে অতিসত্ত্বর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৬. রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করতে হবে।

৭. বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক, জেন্ডার সংবেদনশীল, অন্ধবিশ্বাস ও কুসংস্কারমুক্ত, মানবাধিকারের মূল্যবোধসম্পন্ন শিক্ষানীতি এবং তার আলোকে পাঠ্যপুস্তক প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।