Skip to content

LIVE 78'
Brazil
1-1
Morocco
Source: ESPN

রংপুরে হাইটেক পার্ক প্রকল্প: সাড়ে ৭ বছরে কাজ হয়েছে ২৫ শতাংশ করে ঠিকারদার উধাও

আব্দুর রহমান মিন্টু, রংপুর: রংপুরে হাইটেক পার্ক নির্মাণের জন্য যখন ভূমি অধিগ্রহণ শুরু হয়, তখন প্রযুক্তিপ্রেমী তরুণেরা স্বপ্নে বুক বেঁধেছিলেন। কর্মসংস্থান হবে, নিজেদের তৈরি প্রযুক্তি রপ্তানি হবে, হবে অর্থনৈতিক উন্নয়ন। কিন্তু রংপুরের তরুণদের সে স্বপ্ন এখনও অধরাই রয়ে গেছে। কারণ দুই দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি হাইটেক পার্কের নির্মাণকাজ। সাড়ে ৭ বছরে নির্মাণকাজ হয়েছে মাত্র ২৫ শতাংশ। এরই মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের পর খোঁজ মিলছে না ভারতীয় ঠিকাদারের। এতে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় ১২টি হাইটেক পার্ক নির্মাণের জন্য ২০১৭ সালে ১ হাজার ৮০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

রংপুর হাইটেক পার্কের ব্যয় ধরা হয় ১৫৪ কোটি ৫৪ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নের জন্য রংপুর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের খলিশাকুড়ি এলাকায় ১০ একর জায়গা অধিগ্রহণ করে জেলা প্রশাসন। ২০১৮ সালে প্রকল্পের কাজ পায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এলঅ্যান্ডটি।
২০২০ সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হলেও সাইনবোর্ডেই ঝুলে ছিল এর নির্মাণকাজ। এরপর মেয়াদ বাড়িয়ে ২০২২ সালের জুন মাস করা হলেও কাজ শুরু করতে অনেক দেরি করে ঠিকাদারি প্রতিষ্ঠান। হাইটেক পার্কের কাজের উদ্বোধন করা হয় ২০২২ সালের মে মাসে। এ অবস্থায় মেয়াদ আরেক দফা বাড়িয়ে ২০২৪ সালের জুলাই করা হয়। এ সময়ের মধ্যে মাত্র ২৫ শতাংশ কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান এলঅ্যান্ডটি।

এ প্রসঙ্গে রংপুরে তথ্য প্রযুক্তিনির্ভর তরুণ উদ্যোক্তা ইনবক্স আইটি সলিউশন লিমিটেডের চেয়ারম্যান আবু সায়েম বলেন, ‘রংপুরের তরুণদের জন্য হাইটেক পার্ক ছিল এক স্বপ্ন। যেখানে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে, প্রযুক্তি খাতে দক্ষতা বৃদ্ধি পাবে এবং দেশীয় প্রযুক্তি বিশ্ববাজারে প্রতিযোগিতা করবে। কিন্তু নির্মাণকাজের দীর্ঘসূত্রিতা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বহীনতায় এ স্বপ্ন এখনো বাস্তবে রূপ নেয়নি। রংপুরের তরুণেরা শুধুই প্রতিশ্রুতির অপেক্ষায় থাকতে পারেন না। আমরা চাই, হাইটেক পার্কের কাজ দ্রুত শেষ হোক এবং প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হোক।’

সরেজমিনে দেখা যায়, হাইটেক পার্কের পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নির্মাণসামগ্রী। অলস পড়ে রয়েছে ক্রেনসহ ভারি সব যন্ত্রপাতি। পুরো এলাকায় আছেন হাতে গোনা কয়েকজন নিরাপত্তা প্রহরী। রংপুর হাইটেক পার্কের কাজের দায়িত্বে থাকা প্রকৌশলী মো. মনির   বলেন, ৫ আগস্টের পর কাজ বন্ধ ছিল। সবাই আতঙ্কের কারণে । অচিরে শরু হবে কাজ ।

রংপুরের জেলা প্রশাসক মো. রবিউল ফয়সাল  বলেন, ‘হাইটেক পাকের   কাজ শুরু করার ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ আবার চালু হবে।’ ভারতীয় ঠিকাদারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলেও জানান তিনি।