Skip to content

Upcoming
France
0-0
Senegal
Source: ESPN

দুর্গাপূজা: হিলি বন্দরে আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ

ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ ১১ অক্টোবর (সোমবার) থেকে ১৬ অক্টোরব (শনিবার) পর্যন্ত একটানা ৬ দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের হিলি এক্সপোর্টার এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশন এই সিদ্ধান্ত নিয়েছে।

দিনাজপুরের হিলি স্থলবন্দরের কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, আজ সোমবার থেকে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। বিষয়টি ভারতের হিলি এক্সপোর্টার এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশনের সেক্রেটারি ধিরাজ অধিকারী আমাদের জানিয়েছেন। তারা জানিয়েছেন, আজ সোমবার থেকে ১৬ অক্টোবর পর্যন্ত এই ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে এই দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই এই কয়দিন বন্দরের মাধ্যমে পণ্য আনা-নেয়া হবে না। ১৭ অক্টাবর থেকে যথারীতি বন্দর দিয়ে বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।

বন্দরের কাস্টমসের উপকমিশনার কামরুল ইসলাম জানান, ভারতের ব্যবসায়ীরা ৬ দিন বন্ধের সিদ্ধান্ত নিলেও শুধুমাত্র পুজার দশমীর দিন (সরকারি ছুটি) কাস্টমস কার্যালয় বন্ধ থাকবে। তার আগে-পরে অফিসের কাজকর্ম চালু থাকবে। ব্যবসায়ীরা চাইলে সরকারি শুল্ক পরিশোধ করে তাদের পণ্য খালাস করে নিতে পারবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী জানান, হিলি চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারত থেকে পাসপোর্টে যাত্রী আসা স্বাভাবিক থাকবে। তবে বাংলাদেশ থেকে ভারতে যাত্রী যাওয়া বন্ধ রয়েছে।

–ইউএনবি