সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এক ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ হলো ট্রাকচালকদের ‘কর্মী ভিসা’

 

ফ্লোরিডায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর সৃষ্ট রাজনৈতিক উত্তেজনার জেরে বাণিজ্যিক ট্রাকচালকদের জন্য কর্মী ভিসা তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

রুবিও লিখেছেন, ‘আমেরিকার সড়কে বিদেশি চালকদের ক্রমবর্ধমান সংখ্যা আমেরিকানদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে এবং স্থানীয় আমেরিকান ট্রাকচালকদের জীবিকা ক্ষতিগ্রস্ত করছে।’

ফ্লোরিডার একটি মহাসড়কে বেআইনিভাবে ইউটার্ন নেওয়ার সময় তিনজনকে হত্যার অভিযোগে একজন ট্রাকচালককে অভিযুক্ত করার পর রুবিও এই পদক্ষেপ নিলেন।

ফেডারেল কর্মকর্তাদের মতে, ভারতের নাগরিক হারজিন্দর সিং অবৈধভাবে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। দুর্ঘটনার পর একটি ইংরেজি পরীক্ষায় তিনি অকৃতকার্যও হন।

এ ঘটনা ব্যাপকভাবে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে থাকা ফ্লোরিডার কর্মকর্তারা এটিকে গুরুত্বসহকারে তুলে ধরেছেন।

এমনকি ফ্লোরিডার লেফটেন্যান্ট গভর্নর ব্যক্তিগতভাবে অভিবাসন এজেন্টদের সঙ্গে কথা বলে হারজিন্দর সিংকে প্রত্যর্পণ নিশ্চিত করতে ক্যালিফোর্নিয়ায় ছুটে যান।

ঘটনাটি দ্রুতই রাজনৈতিক মাত্রা লাভ করেছে। কারণ হারজিন্দর সিং ‘অবৈধভাবে’ বাণিজ্যিক লাইসেন্স পেয়েছেন। আর তিনি ক্যালিফোর্নিয়ায় বসবাস করতেন, যেখানে ক্যালিফোর্নিয়া ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর নীতির বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। তা ছাড়া এই অঙ্গরাজ্য ডেমোক্রেটিক পার্টির নিয়ন্ত্রণে।

গত জুনে পরিবহনমন্ত্রী শন ডাফি একটি নির্দেশিকা জারি করে বলেন, ট্রাকচালকদের অবশ্যই ইংরেজি ভাষায় কথা বলতে হবে। যুক্তরাষ্ট্রে ট্রাকচালকদের বাণিজ্যিক লাইসেন্স পেতে একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। পরীক্ষায় দীর্ঘ সময় ধরে সড়কের সাইন ও অন্যান্য মৌলিক বিষয়ে ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষা করা হয়।

কিন্তু প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে ২০১৬ সালের একটি নির্দেশিকায় ভাষা দক্ষতার অভাবের কারণে ট্রাকচালকদের লাইসেন্স না দেওয়ার নিয়ম শিথিল করা হয়। পরিবহনমন্ত্রী সেটি ডাফি বাতিল করেছেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল পরিসংখ্যান অনুযায়ী, চাহিদা মেটাতে ২০০০ থেকে ২০২১ সালের মধ্যে বিদেশি বংশোদ্ভূত ট্রাকচালকদের সংখ্যা দ্বিগুণ হয়ে ৭ লাখ ২০ হাজারে পৌঁছেছে।

বর্তমানে বিদেশি বংশোদ্ভূত চালকেরা এই শিল্পের ১৮ শতাংশের প্রতিনিধিত্ব করেন। তবে এই পেশা দীর্ঘদিন ধরে শ্বেতাঙ্গ শ্রমিক শ্রেণির দখলে ছিল। শিল্পগোষ্ঠীগুলোর মতে, বিদেশি বংশোদ্ভূত চালকদের অর্ধেকেরও বেশি লাতিন আমেরিকা থেকে এসেছেন।

আর সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও পূর্ব ইউরোপীয় দেশগুলো, বিশেষ করে ইউক্রেন থেকে উল্লেখযোগ্যসংখ্যক চালক এসেছেন।

এনএনবাংলা/