যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ বিকেলে বাফুফে ভবন পরিদর্শন করেন। সেখানে প্রায় এক ঘণ্টা বাফুফে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি বলেন, ‘আমি জানি আপনারা কী শুনতে চান। আমি ফুটবলের বিষয়ে কথা বলতে এলেও আপনারা ক্রিকেট নিয়েই প্রশ্ন করবেন। তবুও অনুরোধ করব, ফুটবলের বিষয়েও প্রশ্ন রাখবেন।’ বাফুফে ও ফুটবলের কয়েকটি প্রসঙ্গ তোলার পর তিনি নিজেই ক্রিকেট বিশ্বকাপ ইস্যুতে কথা বলেন।
আসিফ নজরুল জানান, আইসিসির নিরাপত্তা টিম বাংলাদেশকে একটি চিঠি দিয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, তিনটি পরিস্থিতিতে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যেতে পারে। প্রথমত, মুস্তাফিজুর রহমান যদি বাংলাদেশের দলে থাকেন; দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা যদি ভারতে জার্সি পরে প্রকাশ্যে ঘোরাফেরা করেন; এবং তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে, তত নিরাপত্তা শঙ্কা বাড়বে।
এই পর্যবেক্ষণ নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল করতে হবে, সমর্থকরা জার্সি পরতে পারবে না, আর ক্রিকেটের জন্য নির্বাচন পেছাতে হবে— এর চেয়ে বেশি উদ্ভট, অবাস্তব ও অযৌক্তিক কিছু হতে পারে না।’
মুস্তাফিজ ইস্যুতে আগেও তিনি বলেছিলেন, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য নিরাপদ নয়। আইসিসির নিরাপত্তা টিমের এই চিঠি সেই অবস্থানকে আরও শক্তভাবে প্রমাণ করে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, ‘এই পর্যবেক্ষণ সন্দেহাতীতভাবে দেখিয়ে দেয়, ভারতে বাংলাদেশের খেলার উপযুক্ত পরিবেশ নেই।’
এদিকে পাকিস্তান তাদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। বিসিবিও একই ধরনের দাবি আইসিসির কাছে জানিয়েছে। সম্প্রতি পাকিস্তান বাংলাদেশ ম্যাচ আয়োজনের আগ্রহ দেখিয়েছে—এ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘মিডিয়ায় পাকিস্তানের আগ্রহের খবর দেখেছি। সেটি সত্য কি না নিশ্চিত নই। তবে ভারতের বদলে অন্য কোনো দেশে খেলতে আমাদের কোনো আপত্তি নেই।’
আইসিসির নিরাপত্তা টিমের চিঠি কবে এবং কাকে পাঠানো হয়েছে—সে বিষয়ে ক্রীড়া উপদেষ্টা নির্দিষ্ট করে কিছু বলেননি। তবে তিনি সাংবাদিকদের জানান, চিঠিটি তাদের দেখানো হবে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ