সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

লক্ষ্মীপুর-৩: ১৫ লাখ টাকাসহ কৃষকদল নেতা আটক, যাচাই শেষে আদালতের নির্দেশে মুক্ত

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর-৩ আসনে ১৫ লাখ টাকাসহ এক কৃষকদল নেতাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে যাচাই-বাছাই শেষে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি তাকে ছেড়ে দিয়েছে।

কমিটির সদস্য ও লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন সাংবাদিকদের জানান, বুধবার রাত ৮টার দিকে জেলা শহরের ঝুমুর চত্বর এলাকায় চেকপোস্টে কৃষকদল নেতা বদরুল ইসলাম শ্যামলের গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে টাকাসহ তাকে ছেড়ে দেওয়া হয়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

বদরুল ইসলাম শ্যামল জেলা কৃষকদলের জ্যেষ্ঠ সহসভাপতি এবং শহরের আল-আমিন ফার্মেসির মালিক। আটককৃত গাড়ির সামনে ও পেছনে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরীর নির্বাচনি পোস্টার সাঁটানো ছিল। শ্যামল বিএনপি প্রার্থী এ্যানির আপন খালাত ভাই।

পুলিশ জানায়, নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে ঝুমুর চত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় নির্বাচনকালীন ব্যবহৃত একটি গাড়ি (ঢাকা মেট্টো-ঘ ১৭-১৩৭৭) তল্লাশি করে ১৫ লাখ টাকা পাওয়া যায়। পরে শ্যামলকে জেলা ও দায়রা জজ আদালতে নেওয়া হয়। সেখানে বিচারক আধা ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। শুনানি শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “১৫ লাখ টাকা আমার ভোটকেন্দ্রের এজেন্ট খরচের জন্য ছিল। প্রশাসন যাচাই-বাছাই করে ছেড়ে দিয়েছে। এতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। এটি নিয়ে কেউ কেউ রাজনীতি করছেন, আমি এর প্রতিবাদ করছি।”

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, “আটকের পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানানো হয়। আদালত পরিচালনা করে যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এটি নির্বাচনি তহবিলের বৈধ টাকা বলে নিশ্চিত হওয়া গেছে।”

এনএনবাংলা/