Skip to content

যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

 

ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, হরমুজের দিকে কোনো জাহাজ অগ্রসর হলে সেটিকে শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা হিসেবে গণ্য করা হবে। নিষেধাজ্ঞা অমান্য করে যেসব জাহাজ চলাচলের চেষ্টা করবে, সেগুলোর ওপর হামলা চালানো হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এর আগে গত শুক্রবার ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালি খুলে দেয়। তবে যুক্তরাষ্ট্র তাদের অবরোধ প্রত্যাহার না করায় পাল্টা পদক্ষেপ হিসেবে শনিবার আবারও গুরুত্বপূর্ণ এই প্রণালিটি বন্ধ করে দেয় তেহরান। ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করায় তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

বিপ্লবী গার্ড তাদের ঘোষণায় আরও জানায়, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইরানের জাহাজ ও বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করেনি। তাই অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত শনিবার সন্ধ্যা থেকে হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এদিকে পারস্য উপসাগর ও ওমান সাগরে নোঙর করে থাকা জাহাজগুলোর উদ্দেশে সতর্কতামূলক বার্তাও পাঠিয়েছে বিপ্লবী গার্ড। বার্তায় বলা হয়েছে, বর্তমানে যেসব জাহাজ নোঙর করা রয়েছে, সেগুলো যেন নির্ধারিত স্থান থেকে না সরে।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট বাঘের ঘালিবাফ যুক্তরাষ্ট্রের এই অবরোধকে বিবেচনাহীন ও অজ্ঞতাপূর্ণ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “ইরানের জাহাজ যদি হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারে, তাহলে অন্য কোনো দেশের জাহাজের পক্ষেও সেখানে চলাচল করা সম্ভব হবে না।”

সূত্র: সিএনএন

এনএনবাংলা/পিএইচ