Skip to content

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. ইস্রাফীল শাহীন

নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইস্রাফীল শাহীন।

আজ সকালে তিনি আনুষ্ঠানিকভাবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন।

বুধবার (৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’-এর ১০(১) ধারা অনুযায়ী ড. মো. ইস্রাফীলকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত যেটি আগে ঘটবে তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন।

১৯৬৪ সালে জন্মগ্রহণকারী অধ্যাপক ইস্রাফীল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৮ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। অধ্যাপক ড. মো. ইস্রাফীল ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে ১৯৯১ সালে স্নাতক সম্পন্ন করেন। পরে ১৯৯৯ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের স্ট্রিট থিয়েটার বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ড. ইস্রাফীল ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে যোগদান করেন।

অধ্যাপক ইসরাফিল তার কর্মজীবনে এমএ এবং পিএইচডি উভয় পড়াশোনার জন্য ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) থেকে বৃত্তিসহ অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন।

তিনি ইউনেস্কোর গ্লোবাল নেটওয়ার্ক ফর হায়ার এডুকেশন ইন দ্য পারফর্মিং আর্টস-এর একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং বাংলাদেশ আইটিআই সেন্টারের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব।

তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম ও উৎসবে জুরি সদস্য এবং অতিথি প্রভাষক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক থিয়েটার সংস্থাগুলোর সঙ্গে কাজ করে চলেছেন। তিনি বাংলাদেশ থিয়েটার ফর ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (বিটিডিএন)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশসহ ভারত, নেপাল, ভুটান, দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, ফিলিপাইন, ইতালি, স্পেন, পোল্যান্ড, ফ্রান্স ও চেক প্রজাতন্ত্রে বিভিন্ন কর্মশালা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমে অংশ নিয়েছেন তিনি।

পদ্ধতিগত অভিনয়, স্থানীয় নাট্যরীতি, নৃবৈজ্ঞানিক বিশ্লেষণ এবং মিতব্যয়ী দৃশ্যরূপের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তার কাজ থিয়েটারকে সমাজমুখী, অংশগ্রহণমূলক ও চলমান সাংস্কৃতিক চর্চা হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. ইস্রাফীল শাহীনের নিয়োগের সংবাদ প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বয়ে যাচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন।

এনএনবাংলা/