Skip to content

২৭তম বিসিএসের বঞ্চিত ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ৯৬ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৩ মে) প্রকাশিত এ প্রজ্ঞাপনে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতন স্কেলে বিভিন্ন ক্যাডার পদে তাদের নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা দপ্তরে যোগদান করতে হবে।

এর আগে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের শেষ সময়ে অনুষ্ঠিত ২৭তম বিসিএসের মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন প্রার্থী উত্তীর্ণ হন। তবে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সেই মৌখিক পরীক্ষার ফল বাতিল করে দেয়। পরে ওই বছরের জুলাই মাসে পুনরায় মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

দ্বিতীয় দফার মৌখিক পরীক্ষার ফল ২০০৮ সালের সেপ্টেম্বরে প্রকাশ করা হয়। সেই ফলাফলের ভিত্তিতে ৩ হাজার ২২৯ জনকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয়।

প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণ প্রার্থীরা হাইকোর্টে রিট আবেদন করেন। তবে ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট সেই ফল বাতিলের সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করে রায় দেয়।

পরবর্তীতে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর গত বছরের ২০ ফেব্রুয়ারি বঞ্চিত প্রার্থীদের পক্ষে রায় দেন আপিল বিভাগ। ওই রায়ে বাদ পড়া ১ হাজার ১৩৭ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এনএনবাংলা/পিএইচ