Skip to content

৩২ লাখ টাকার গরু কিনলেন এ্যানি

পাটওয়ারীর ক্ষোভ, ব্যাখ্যা দিল এ্যানির ছেলে সারিয়ান

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গাবতলী হাট থেকে গরু কেনার মুহূর্ত। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গাবতলী হাট থেকে ৩২ লাখ টাকায় ছয়টি গরু কিনে হঠাৎ আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।

অনলাইনে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে ট্রল,লেখালেখি ও বিতর্ক। কেউ কেউ এই গরু কেনাকে ‘মতিউরের সেই বহুল আলোচিত ছাগল কেনা’র সাথে তুলনা করেছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ৩২ লাখ টাকা দিয়ে মন্ত্রীর গরু কেনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন। মঙ্গলবার (২৬ মে) এনসিপির দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন জানতে চান, একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর বেতন যদি (বছরে) ৪২ লাখ টাকা হয়, উনি যদি সেখান থেকে ৩২ লাখ টাকা গরু কেনায় ব্যয় করেন, তাহলে সারা বছর সংসার চালাতে তার আয়ের উৎসটা কী?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

এদিকে এ্যানির ৩২ লাখ টাকায় গরু কেনাকে ঘিরে ওঠা সমালোচনার ব্যাখ্যা দিয়েছেন তার ছেলে সারিয়ান চৌধুরী। মঙ্গলবার (২৬ মে) বিকেল ৫টা ৫২ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ ব্যাখ্যা তুলে ধরেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নতুন করে আলোচনার জন্ম দেয়।

সারিয়ান চৌধুরী তার পোস্টে দাবি করেন, তাদের পরিবারের পক্ষ থেকে প্রতি বছরই কুরবানির জন্য একাধিক গরু কেনা হয়। তিনি লেখেন, আমার বাবা পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং উনার ভাইয়েরা পারিবারিক কুরবানি এবং হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদরাসার জন্য প্রতি বছর ৬/৭/৮টি গরু ক্রয় করেন। তার ধারাবাহিকতায় এ বছরও ওনারা ৬টি গরু ক্রয় করেছেন।

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও তার ছেলে সারিয়ান চৌধুরী। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার বাবাকে ঘিরে অতিরিক্ত সমালোচনা করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন। তার ভাষায়, আজ থেকে ৫০ বছর পর যখন আমার বাবা আর মন্ত্রী থাকবেন না, তখনও কি আমাদের উত্তরসূরিরা ১০টা গরু দিয়ে কুরবানি দিলে এমন অযৌক্তিক সমালোচনার সম্মুখীন হতে হবে? নাকি আমার বাবা কেবল মন্ত্রী হওয়ায় বট বাহিনীর এমন অযৌক্তিক মিথ্যাচারের শিকার হচ্ছেন?

ফেসবুক পোস্টে তিনি আরও দাবি করেন, কুরবানির জন্য কেনা গরুগুলো গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়। তিনি আরও লেখেন, সবচেয়ে বড় কথা, সবগুলো গরুই গরিব মানুষের হক। মানুষের হক মানুষের কাছে পৌঁছে যাবে। ইনশাআল্লাহ।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি’র ছেলে সারিয়ান চৌধুরীর ফেসবুক পোস্ট।

পোস্টের শেষে সারিয়ান চৌধুরী ধর্মীয় অনুভূতির প্রসঙ্গ টেনে বলেন, মহান আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। উনি সব জানেন এবং দেখেন।

এনএনবাংলা/