সাম্প্রতিক
প্রতিদিন গড়ে ১০ খুন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে? ময়নাতদন্তে ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা কৃষকের সার ভোগান্তি, সরকার অভিযোগ এড়াতে চাইছে: নাহিদ ইসলাম নেপাল-তিব্বতের বন্যায় ৩৫ দেশের নাগরিক নিখোঁজ, নিহত বেড়ে ৩৩৫ ‘টুকু আসে, টুকু যায়’, ‘এই আসে, এই যায়’—লোডশেডিং নিয়ে সংসদে রুমিন ফারহানা ৬৪ জেলার আইনশৃঙ্খলা-মাদক-দুর্নীতি নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, দেশে কমেছে খুন-ধর্ষণ-মব সহিংসতা স্থানীয় সরকার নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে, ভোট নভেম্বরে: সিইসি বন্ধ কলকারখানা চালু করতে ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি টাকা ‘খণ্ডিত সংস্কার’ মানবে না বিরোধী দল, ‘ক্ষোভ উগরে’ সংসদে ওয়াকআউট
Skip to content

মিনায় ‘শয়তানকে’ পাথর নিক্ষেপ লাখো হাজির

ছবি: টাইমস অব ইসরায়েল

পবিত্র হজের ধারাবাহিক আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বুধবার সৌদি আরবের মিনায় ‘শয়তানকে’ প্রতীকী পাথর নিক্ষেপ করছেন লাখো হাজি। গতকাল মঙ্গলবার হজের মূল রুকন পালনে আরাফাতের ময়দানে সমবেত হন মুসল্লিরা। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো আরাফাত প্রান্তর।

ভোর থেকেই হাজিরা ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ায় মগ্ন থাকেন। মরুর তীব্র গরমের মধ্যেও আরাফাতের ময়দানে তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। এ পরিস্থিতির মধ্যেই লাখো মুসল্লি নামাজ আদায় করেন।

ফজরের নামাজের আগেই হজযাত্রীরা আরাফাতের ময়দানে অবস্থান নেন এবং সূর্যাস্ত পর্যন্ত বিদায় হজের স্মৃতিবিজড়িত এই ময়দানে অবস্থান করেন। পরে সূর্যাস্তের পর তারা মুজদালিফায় যান। সেখানে খোলা আকাশের নিচে রাতযাপন শেষে আজ মিনায় ফিরে শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপ, পশু কোরবানি এবং কাবা শরিফে তাওয়াফসহ হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।

গতকাল আরাফাতের ময়দানের মসজিদে নামিরা থেকে জোহরের নামাজের শেষ ওয়াক্তে হজের খুতবা পাঠ করা হয়। এরপর এক আজান ও দুই ইকামতে জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করেন হাজিরা। পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

আরাফাতের ময়দানে সমবেত লাখো হাজির উপস্থিতিতে খুতবা দেন শেখ আলী আল-হুদাইফি। খুতবায় তিনি বিশ্ব মুসলিমের ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

খুতবা শেষে আবেগঘন মোনাজাতে হাজিদের হজ কবুলের জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয়। পাশাপাশি মুসলিম বিশ্বের ঐক্য এবং হাজিদের নিরাপদে নিজ নিজ দেশে ফেরার জন্যও দোয়া করা হয়।

সৌদি গেজেট জানিয়েছে, আরাফাতের ময়দানে অবস্থান শেষে স্থানীয় সময় সূর্যাস্তের পর লাখো হজযাত্রী মুজদালিফায় পৌঁছান। তালবিয়া পাঠ করতে করতে শান্ত ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে তারা রাতযাপন করেন। আজ ফজরের নামাজের পর হাজিরা মিনায় গিয়ে জামারাত আল-আকাবায় পাথর নিক্ষেপসহ হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা পালন করছেন।

এ বছর পবিত্র হজে অংশ নিয়েছেন ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন মুসল্লি। এর মধ্যে সৌদি আরবের বাইরের ১৬৫টি দেশ থেকে গেছেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন হজযাত্রী। আর সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসকারী হাজির সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৬৪৬ জন।

২০২৫ সালে হজে অংশ নিয়েছিলেন ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন মুসল্লি।

চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থাকলেও ইরান থেকেও প্রায় ৩০ হাজার হজযাত্রী হজ পালনে সৌদি আরবে গেছেন।

এনএনবাংলা/