দিল্লির প্রতিবাদে সংহতি, ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ ও ধরপাকড়

দিল্লিতে শুরু হওয়া প্রতিবাদের উত্তাপ ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন শহরে। বেঙ্গালুরু, মুম্বাই, চেন্নাই, চণ্ডীগড়, কলকাতা, পাটনা ও হায়দরাবাদে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। এসব কর্মসূচিতে পুলিশের নজরদারি, শিক্ষার্থী আটক এবং আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও সামনে এসেছে।
বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। সেখানে মিছিল শুরুর আগেই অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানেও বিক্ষোভকারীদের ওপর পুলিশের নজরদারি ও আটকের ঘটনা ঘটে। এ সময় এক নারী আন্দোলনকারীকে আটকের মুহূর্তে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

চেন্নাইয়ে অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (এআইএসএফ) ও অল ইন্ডিয়া ইয়ুথ ফেডারেশনের (এআইওয়াইএফ) কর্মীরা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। অন্যদিকে, চণ্ডীগড়ে আম আদমি পার্টি (আপ) ও অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
কলকাতায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে মিছিলের ডাক দিয়েছেন। এ ছাড়া পাটনা ও হায়দরাবাদেও ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে বিক্ষোভের খবর পাওয়া গেছে।
দিল্লির ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোও নিন্দা জানিয়েছে। রাজধানী থেকে অন্যান্য শহরে প্রতিবাদের বিস্তার দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এনএনবাংলা/
