




২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রধান কোচ লিওনেল স্কালোনি কাতার বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ সদস্যকে ধরে রাখার পাশাপাশি কয়েকজন তরুণ ফুটবলারকে সুযোগ দিয়েছেন। দলটির নেতৃত্বে থাকছেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি।
বিশ্বকাপে মাঠে নামলেই নতুন ইতিহাস গড়বেন মেসি। এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১৯৮ ম্যাচ ও ১১৬ গোলের মালিক মেসির সামনে এবার শিরোপা ধরে রাখার বড় চ্যালেঞ্জ।
তবে স্কালোনির ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক ফ্রাঙ্কো মাস্তান্তুওনোর বাদ পড়া। আক্রমণভাগে জায়গা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন এই প্রতিভাবান তরুণ। এছাড়া কাতার বিশ্বকাপজয়ী অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনিয়াও চূড়ান্ত দলে জায়গা পাননি। এই দুই ফুটবলারের অনুপস্থিতি দল ঘোষণার পর ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া আর্জেন্টিনা দলে জায়গা পেয়েছেন এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমেওনে ও নিকো পাজের মতো উদীয়মান তারকারা। আক্রমণভাগে মেসির সঙ্গে থাকছেন লাউতারো মার্টিনেজ। আর গোলবারের নিচে আস্থা রাখছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
আর্জেন্টিনার ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।
ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, নিকোলাস টাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা।
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল পালাসিওস, ভ্যালেন্তিন বারকো।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ, জুলিয়ানো সিমেওনে, নিকো পাজ, থিয়াগো আলমাদা, হোসে মানুয়েল লোপেস।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার সূচি
বিশ্বকাপের ‘গ্রুপ জে’-তে খেলবে আর্জেন্টিনা। ১৬ জুন মিসৌরির কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার মিশন শুরু করবে লা আলবিসেলেস্তেরা। ২২ জুন টেক্সাসের আর্লিংটনে অস্ট্রিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ২৭ জুন একই ভেন্যুতে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে স্কালোনির দল।
বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে উঠবে। পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দলও শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার সুযোগ পাবে।
এনএনবাংলা/
Tags: Argentina World Cup Squad 2026FIFA World Cup 2026Lionel Messiআর্জেন্টিনা বিশ্বকাপ দল ২০২৬লিওনেল মেসি
এ সম্পর্কিত আরও পড়ুন