Skip to content

ভিসা নিয়মে হঠাৎ পরিবর্তন আনল ভারত

ভারতে অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য ভিসা-সংক্রান্ত নিয়ম আরও কঠোর করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। নতুন সংশোধিত ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’ অনুযায়ী, ভিসার মেয়াদ বা ১৮০ দিনের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই বিদেশিদের বাধ্যতামূলকভাবে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নতুন বিধান জারি করেছে। এর ফলে বিদেশিদের অবস্থান ও ইমিগ্রেশন কার্যক্রমের ওপর সরকারি নজরদারি আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

আগের নিয়ম অনুযায়ী, যোগ্য বিদেশি নাগরিকরা ভারতে প্রবেশের পর ১৮০ দিন পূর্ণ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে নিবন্ধনের সুযোগ পেতেন। তবে নতুন সংশোধনীতে সেই বিধান বাতিল করা হয়েছে। সোমবার (১ জুন) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ইমিগ্রেশন বিধিমালার ১২ নম্বর ধারায় সংশোধন এনে ‘ভারতে পৌঁছানোর ১৮০ দিন শেষ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে’ বাক্যাংশের পরিবর্তে ‘উল্লিখিত ১৮০ দিনের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই যেকোনো সময়’ নিবন্ধন করার বাধ্যবাধকতা যুক্ত করা হয়েছে।

নতুন নিয়মটি বিশেষভাবে প্রযোজ্য হবে তাদের জন্য, যারা ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছেন। পাশাপাশি যেসব বিদেশি নাগরিকের ভিসার মেয়াদ ১৮০ দিনের বেশি হলেও একক সফরে ১৮০ দিনের বেশি অবস্থানের অনুমতি নেই, তারাও এই বিধানের আওতায় পড়বেন।

এ ধরনের ভিসাধারীরা যদি কোনো একক সফরে অথবা একটি ক্যালেন্ডার বছরে মোট ১৮০ দিনের বেশি সময় ভারতে অবস্থান করতে চান, তাহলে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সরকার জানিয়েছে, কেবল বিশেষ বা জরুরি পরিস্থিতিতেই অতিরিক্ত সময় অবস্থানের অনুমতি দেওয়া হবে। ফলে সাধারণ পরিস্থিতিতে এ ধরনের অনুমোদন পাওয়া আরও সীমিত হয়ে যাবে।

তবে কঠোরতার পাশাপাশি কিছু ক্ষেত্রে শিথিলতাও এনেছে ভারত সরকার। বিশেষ করে ভারতে জন্ম নেওয়া কিছু শিশুর ক্ষেত্রে নতুন সুবিধার ঘোষণা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিয়ম অনুযায়ী, ভারতে অবস্থানরত বিদেশি দম্পতির সন্তান জন্মগ্রহণ করলে পরবর্তী ভিসা বা এক্সিট পারমিট-সংক্রান্ত সেবা পেতে জন্মের ৩০ দিনের মধ্যে নির্দিষ্ট অনলাইন পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন কর্মকর্তাকে তথ্য জানাতে হতো।

সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, যদি নবজাতকের পিতা বা মাতার যেকোনো একজন ভারতীয় নাগরিক হন এবং তিনি সন্তানের ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে চান, তাহলে জন্মের পর এ ধরনের বাধ্যতামূলক তথ্য প্রদানের নিয়ম প্রযোজ্য হবে না।

তবে এ ক্ষেত্রে একটি শর্ত রাখা হয়েছে। যদি শিশুটি পরবর্তীতে ভারতে অবস্থানকালে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে, তাহলে নাগরিকত্ব পাওয়ার ৩০ দিনের মধ্যে তার পিতামাতাকে সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করতে হবে।

এদিকে, চিকিৎসা খাতেও প্রশাসনিক নজরদারি জোরদার করতে নতুন রিপোর্টিং বিধান চালু করা হয়েছে। যেসব হাসপাতাল, নার্সিং হোম ও চিকিৎসাকেন্দ্রে রোগীদের আবাসন, রাতযাপন বা শয্যার ব্যবস্থা রয়েছে এবং সেখানে বিদেশি নাগরিকরা চিকিৎসা গ্রহণ করেন, সেসব প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

যদিও হাসপাতালগুলোর মৌলিক দায়িত্বে বড় কোনো পরিবর্তন আনা হয়নি, তবে ইমিগ্রেশন বিধিমালার আওতায় তাদের প্রশাসনিক জবাবদিহিতা এবং নিয়মিত তথ্য সরবরাহের বাধ্যবাধকতাকে আরও আধুনিক ও হালনাগাদ করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে।

এনএনবাংলা/পিএইচ