ইরানের জব্দকৃত সম্পদ উপসাগরীয় মিত্রদের দিতে চায় যুক্তরাষ্ট্র

উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতি মেরামতে নতুন একটি উদ্যোগ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, উপসাগরীয় দেশগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে একটি বিশেষ দল গঠনের নির্দেশ দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। শুধু বর্তমান ক্ষতিই নয়, ভবিষ্যতে ইরানের সম্ভাব্য হামলায় যে ক্ষয়ক্ষতি হতে পারে, সেগুলোর পুনর্বাসন ও মেরামতেও এই সম্পদ ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।
এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা নিরসনে যে আলোচনা চলছে, সেখানে জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়টিকে অন্যতম প্রধান শর্ত হিসেবে তুলে ধরেছে তেহরান। যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার মধ্যেই ইরানি সম্পদের সম্ভাব্য ব্যবহার নিয়ে নতুন এই তথ্য সামনে এসেছে।
এর একদিন আগে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজাই মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, প্রায় তিন মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে সম্ভাব্য শান্তি চুক্তির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে যুক্তরাষ্ট্রের জব্দ করে রাখা ইরানি সম্পদ মুক্ত করার ওপর।
তার দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা ওই জব্দকৃত সম্পদের পরিমাণ প্রায় ২৪ বিলিয়ন ডলার।
বিশ্লেষকদের মতে, ইরানের সম্পদ অন্য খাতে ব্যবহারের উদ্যোগ চলমান যুদ্ধবিরতিকে আরও নাজুক করে তুলতে পারে। কারণ, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে, যা আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
এনএনবাংলা/
