৭৪ ভোটের মধ্যে ৭৩ ভোট পেয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে আজ ছিল ভিন্ন এক আবহ। তবে নির্বাচনের ফল অনেকটাই অনুমিত ছিল। বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড পরিচালক নির্বাচিত হওয়ার পর পরিচালকদের ভোটে হয়েছেন বিসিবির ১৭তম সভাপতি।
নির্বাচনে মোট ৭৪ ভোটের মধ্যে ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল। পরে পরিচালকদের ভোটে তিনি বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হন। সহসভাপতি হয়েছেন ফাহিম সিনহা।
ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নেওয়া তামিমসহ ক্লাব ক্যাটাগরি থেকে মোট ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম, সাঈদ ইব্রাহীম, ইসরাফিল খসরু, শানিয়ান তানিম, ফয়সাল ইয়াসির, মির্জা ইয়াসির, রফিকুল ইসলাম, সাকিব আহমেদ ও ড. সরকার মাহবুব শামীম।
অন্যদিকে, ক্লাব ক্যাটাগরিতে পরাজিত হয়েছেন মেজর ইমরোজ আহমেদ (অব.), আমজাদ হোসেন, ফায়জুর মিতু ও বোরহানুল হোসেন পাপ্পু। আমজাদ হোসেন ও ফায়জুর মিতু আগের বোর্ডের পরিচালক ছিলেন।
তামিমদের অধীনে অনুষ্ঠিত এবারের বিসিবি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আমেজ অনেকটাই কমে যায় ঈদের আগেই। তিন প্রার্থী নাম প্রত্যাহার করে নেওয়ায় আটজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। চট্টগ্রাম ও ঢাকা থেকে দুজন করে এবং রাজশাহী, রংপুর ও সিলেট থেকে একজন করে পরিচালক নির্বাচিত হন।
চট্টগ্রাম থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এছাড়া ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত এবং বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবালের ফুফা।
মোট ২৫ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে দুজন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে। বাকি ২৩ জনের মধ্যে আটজন আগে থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ছিলেন। আজ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন এবং খুলনা ও বরিশাল বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন আরও তিনজন।
বরিশাল বিভাগ থেকে পরিচালক হয়েছেন মিজানুর রহমান, যিনি বিপিএলের দল ফরচুন বরিশালের স্বত্বাধিকারী। খুলনা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন শান্তনু ইসলাম ও শফিকুল আলম। এনএসসির প্রতিনিধি হিসেবে পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন শেখ মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ সরফরাজ আহমেদ।
উল্লেখ্য, মাত্র আট মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হলো। গত বছরের অক্টোবরে আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সে সময় সহসভাপতি ছিলেন ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। পরে ৭ এপ্রিল বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হলে তামিম ইকবালকে অ্যাডহক কমিটির প্রধান করা হয়। এবার নির্বাচনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিসিবির সভাপতির দায়িত্ব পেলেন।
এনএনবাংলা/
