পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারত থেকে অবৈধ পুশইনের চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দৃঢ়ভাবে প্রতিহত করছে। একই সঙ্গে এ ধরনের কার্যক্রম বন্ধে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি চিঠি পাঠিয়েছে।
সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নিয়ম-কানুন অনুসরণ না করে কাউকে পুশইনের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে এবং ভারতকে সেই প্রক্রিয়া মেনেই পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, ভারতের এ ধরনের পুশইন কার্যক্রম দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এদিকে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক শিশু, নারীসহ বিভিন্ন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা ঠেকাতে সম্প্রতি দেশের ২৬টি সীমান্তবর্তী জেলায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। চার পালায় ২৪ ঘণ্টা সীমান্ত পাহারার পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এ কাজে সহযোগিতা করছেন।
পুশইনের ঘটনাগুলোর মধ্যেই সোমবার (৮ জুন) থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে, যা চলবে আগামী ১১ জুন পর্যন্ত।
বিজিবি জানিয়েছে, এ সম্মেলনে অবৈধ পুশইন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হবে।
এনএনবাংলা/পিএইচ
