বিশ্বকাপের আগে বড় ধাক্কা ব্রাজিলের, ছিটকে গেলেন ওয়েসলি

বিশ্বকাপ শুরুর মাত্র চার দিন আগে চোটজনিত কারণে দলে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ইনজুরির কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার ওয়েসলি।তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মিডফিল্ডার এডারসনকে।
রোববার (৭ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
গত শনিবার যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে শহরে মিসরের বিপক্ষে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে বাঁ উরুর পেশিতে চোট পান ওয়েসলি। চোটের কারণে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় ২১ বছর বয়সী রোমার এই ডিফেন্ডারকে। পরবর্তীতে মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে, তিনি বিশ্বকাপে অংশ নেওয়ার মতো শারীরিক অবস্থায় নেই।
সিবিএফ তাদের বিবৃতিতে জানায়, ওয়েসলি দলের অত্যন্ত প্রিয় একজন সদস্য। বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাব্য ষষ্ঠ শিরোপা জয়ের অভিযানের অংশ হিসেবেই তাকে বিবেচনা করা হবে এবং দলের সঙ্গে তার সম্পর্ক অটুট থাকবে।
এদিকে, ওয়েসলির পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন ২৬ বছর বয়সী মিডফিল্ডার এডারসন। খুব শিগগিরই তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
এনএনবাংলা/পিএইচ
