আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী
আদ্-দীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জনস্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সরকার কোনো ধরনের দ্বিধা করবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (৮ জুন) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ১ লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড (আইভি স্যালাইন) হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ঘটনার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আরও দুই দিন সময় নেওয়া হয়েছে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার সরকারের সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ঘটনার সঠিক মূল্যায়ন ও সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকার আইনজীবী নিয়োগ করবে এবং প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেওয়া হবে। অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে তাদের নিজস্ব আইনজীবীর মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারে। তবে ক্ষতিপূরণের বিষয়টি সরকারের সিদ্ধান্তকে কোনোভাবেই প্রভাবিত করবে না।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে পর্যাপ্ত স্যালাইন মজুত রাখা হয়েছে। বর্তমানে সরকারের কাছে প্রয়োজনীয় পরিমাণ স্যালাইন রয়েছে এবং ডেঙ্গু মৌসুমে সব ধরনের প্রস্তুতি অব্যাহত আছে।
অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ায় শিশু মৃত্যুর ঘটনা বেড়েছে—সংসদীয় কমিটিতে দেওয়া এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “যা বলা হয়েছে, তা সত্য।” তবে বর্তমান সরকার টিকাদান কর্মসূচি জোরদার করে হাম নির্মূলে কাজ করছে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে। এই বাজার আরও সম্প্রসারণের লক্ষ্যে সরকার কাজ করছে এবং বেসরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
এনএনবাংলা/পিএইচ
