




২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি শুধু স্বাগতিক মেক্সিকোর জয়ের জন্য নয়, বরং রেকর্ডসংখ্যক লাল কার্ডের জন্যও ফুটবল ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে মেক্সিকো। তবে ম্যাচের বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে তিনটি লাল কার্ডের নজিরবিহীন ঘটনা।
ফুটবল বিশ্বকাপের ৮৬ বছরের ইতিহাসে এই প্রথম কোনো উদ্বোধনী ম্যাচে মোট তিনটি লাল কার্ড দেখানো হলো। ফলে মেক্সিকোর জয় যেমন আলোচনায়, তেমনি রেফারি উইলতন সাম্পাইওর কঠোর সিদ্ধান্তও সমানভাবে জায়গা করে নিয়েছে শিরোনামে।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিক মেক্সিকো। ‘হাই প্রেসিং’ কৌশলে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে তারা। ম্যাচের ৯ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে প্রথম গোল করেন কিনিয়োনেস। সেই গোলেই এগিয়ে যায় মেক্সিকো এবং পুরো ম্যাচজুড়ে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখে।
ম্যাচের অন্যতম আবেগঘন মুহূর্ত আসে ৬৭ মিনিটে। নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে নামা অভিজ্ঞ ফরোয়ার্ড রাউল হিমেনেস গোল করে দলের ব্যবধান ২-০ করেন। দীর্ঘদিনের গোলখরা কাটিয়ে গোল পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এই গোলের মাধ্যমে মেক্সিকোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ৪৬ গোল নিয়ে জারেদ বোর্গেত্তির সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন হিমেনেস। এখন তার সামনে রয়েছেন শুধু চিচারিতো, যার গোলসংখ্যা ৫২।
দক্ষিণ আফ্রিকার জন্য ম্যাচটি আরও কঠিন হয়ে ওঠে ৫০ মিনিটে। স্পেপেলো সিথোলে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৩২ বছর পর আবারও লাল কার্ডের ঘটনা দেখা গেলেও সেখানেই শেষ হয়নি নাটক।
মেক্সিকোর দ্বিতীয় গোলের পর দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের মধ্যে হতাশা ও উত্তেজনা বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় ৮৩ মিনিটে মেক্সিকোর আলভারাদোর মুখে আঘাত করার দায়ে সরাসরি লাল কার্ড দেখেন থেম্বা জাওয়ামে। ফলে ৯ জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা।
দুই খেলোয়াড় কম নিয়ে ম্যাচে ফেরার সুযোগ কার্যত হারিয়ে ফেলে আফ্রিকান প্রতিনিধিরা। মেক্সিকো তখন পুরো ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখে সহজেই জয় নিশ্চিত করার পথে এগিয়ে যায়।
তবে অতিরিক্ত সময়ে আবারও নাটকীয়তা দেখা দেয়। ৯৩ মিনিটে মেক্সিকোর ডিফেন্ডার সিজার মোন্তেসকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি সাম্পাইও। একই ম্যাচে তিনটি লাল কার্ড দেখানোর এই ঘটনা বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড হিসেবে জায়গা করে নেয়। সিদ্ধান্তটি নিয়ে মোন্তেস নিজেও বিস্ময় প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০১০ বিশ্বকাপে জোহানেসবার্গে এই দুই দলের মুখোমুখি লড়াই ১-১ গোলে ড্র হয়েছিল। তবে এবার আসতেকা স্টেডিয়ামে ইতিহাস বদলে দিয়েছে মেক্সিকো। দীর্ঘ সাত ম্যাচের অপেক্ষা শেষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে স্বাগতিকরা। যদিও শেষ মুহূর্তের লাল কার্ড কিছুটা ম্লান করে দিয়েছে সেই আনন্দ।
এনএনবাংলা/
Tags: দক্ষিণ আফ্রিকাফিফা বিশ্বকাপ ২০২৬বিশ্বকাপ উদ্বোধনমেক্সিকোরাউল হিমেনেস
এ সম্পর্কিত আরও পড়ুন