




টানা তিনটি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয়ের মুখ দেখেনি দক্ষিণ কোরিয়া। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দারুণভাবে বিশ্বকাপ অভিযান শুরু করেছে এশিয়ার অন্যতম শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া। পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে পুরো তিন পয়েন্ট তুলে নিয়েছে ‘রেড ডেভিলস’রা।
মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দক্ষিণ কোরিয়া। সন হিউং-মিন ও লি কাং-ইনের নেতৃত্বে একের পর এক আক্রমণে চাপে পড়ে চেক রক্ষণভাগ। প্রথমার্ধে ৫৩ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখলেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি কোরিয়ানরা। ১৪ মিনিটে লি জে-সাংয়ের দূরপাল্লার শট এবং বিরতির আগে সন হিউং-মিনের একটি দারুণ সুযোগ হাতছাড়া হওয়ায় গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর ম্যাচে বাড়তে থাকে উত্তেজনা। আক্রমণের ধার বাড়িয়েও উল্টো ৫৯ মিনিটে পিছিয়ে পড়ে দক্ষিণ কোরিয়া। ভ্লাদিমির কুফালের লং-থ্রো থেকে বক্সের ভেতর উঁচুতে লাফিয়ে হেডে বল জালে পাঠান চেক অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। এই গোলে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র।
তবে গোল হজম করেও ভেঙে পড়েনি দক্ষিণ কোরিয়া। সমতায় ফেরার লক্ষ্যে আক্রমণের গতি আরও বাড়ায় তারা। এর ফল আসে ৬৭ মিনিটে। চেক রক্ষণভাগের ফাঁক গলে বক্সে বল পেয়ে গোলরক্ষক ও ডিফেন্ডারকে পরাস্ত করে ঠাণ্ডা মাথার চিপ শটে জালে বল পাঠান মিডফিল্ডার হুয়াং ইন-বম। তার গোলে ম্যাচে সমতা ফেরে।
এরপর ৭০ মিনিটে কৌশলগত পরিবর্তন আনেন দক্ষিণ কোরিয়ার কোচ। অধিনায়ক সন হিউং-মিনকে তুলে মাঠে নামানো হয় হাইয়ু-গিউ ওহকে। কোচের এই সিদ্ধান্তই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
ম্যাচের ৮০ মিনিটে মাঝমাঠ থেকে আসা একটি নিখুঁত থ্রু-পাস ধরে ডান দিক দিয়ে বক্সে ঢোকেন হুয়াং ইন-বম। তার কাট-ব্যাক থেকে স্লাইড করে বল জালে জড়িয়ে দেন বদলি হিসেবে নামা হাইয়ু-গিউ ওহ। ‘সুপার সাব’-এর এই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া।
এর আগে ৭৭ মিনিটে টমাস সোচেকের করা একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়, যা চেক প্রজাতন্ত্রের জন্য বড় ধাক্কা হয়ে আসে। ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল ইউরোপের দলটি। তবে সাদিলেকের নেওয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক।
শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের ছয় মিনিটের চাপ সামলে ২-১ গোলের গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া। এই জয়ে গ্রুপ ‘এ’-তে নিজেদের অবস্থান শক্ত করেছে এশিয়ার প্রতিনিধিরা।
আগামী ১৮ জুন দক্ষিণ কোরিয়া মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকোর। একই দিনে আটলান্টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে চেক প্রজাতন্ত্র।
এনএনবাংলা/
Tags: ২০২৬ বিশ্বকাপFIFA World Cup 2026South Korea vs Czech Republicচেক প্রজাতন্ত্রদক্ষিণ কোরিয়া
এ সম্পর্কিত আরও পড়ুন