




চলতি বছরের হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি। একই সময়ে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৫৪ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজির মৃত্যু হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার রাত ২টা পর্যন্ত মোট ১৫২টি ফিরতি ফ্লাইট বাংলাদেশে পৌঁছেছে। এসব ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া ৫৬ হাজার ২৬৯ জন হাজি দেশে ফিরেছেন।
এয়ারলাইন্সভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৬টি ফ্লাইটে ২৬ হাজার ৮৬৮ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৫৪টি ফ্লাইটে ২১ হাজার ৪৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬৭২ জন হাজি দেশে ফিরেছেন। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও ৪ হাজার ৩ জন হাজি বাংলাদেশে পৌঁছেছেন।
এ বছর বাংলাদেশ থেকে প্রায় সাড়ে ৭৮ হাজার মানুষ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। গত ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মারা যাওয়া ৫৪ জনের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মৃত্যুবরণ করেছেন। মিনা, আরাফা ও মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
সবশেষ গত মঙ্গলবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাসিন্দা আকলিমা আক্তার মদিনায় মৃত্যুবরণ করেন। ৪৪ বছর বয়সী আকলিমা আক্তার গত ১৯ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছিলেন।
তুলনামূলক পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪ সালে হজ পালনকালে ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছিল। আর ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১২১ জন, যা সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ।
এদিকে সৌদি আরবে বাংলাদেশি হাজিদের স্বাস্থ্যসেবা কার্যক্রমও অব্যাহত রয়েছে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৬৬ হাজার ২৪৯টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এছাড়া ৪১৫ জন হাজি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসাধীন রয়েছেন।
এ বছর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ৩০টি লিড হজ এজেন্সির অধীনে সরকারি কোটায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি কোটায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী হজ কার্যক্রমে অংশ নেন।
উল্লেখ্য, চলতি বছরের প্রথম প্রাক-হজ ফ্লাইট গত ১৮ এপ্রিল ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। আর শেষ ফ্লাইট সৌদি আরবে পৌঁছায় ২১ মে।
এনএনবাংলা/
Tags: বাংলাদেশি হাজিসৌদি আরবহজ ২০২৬
এ সম্পর্কিত আরও পড়ুন