সরকারি সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার, বেসরকারি ৫ লাখ ১৩ হাজার
সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালে পবিত্র হজ পালনের সর্বনিম্ন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে খরচ হবে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
ধর্মমন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় এবার দুটি হজ প্যাকেজ রাখা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ-১-এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এর ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে সাধারণ হজ প্যাকেজের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
তিনি বলেন, সরকারি উভয় প্যাকেজেই বাংলাদেশ-সৌদি আরব-বাংলাদেশ রুটের যাওয়া-আসার বিমানভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক ব্যয়, আইটি সেবা, প্রশিক্ষণ, কল্যাণ তহবিল, স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যয়সহ অন্যান্য প্রয়োজনীয় খরচও প্যাকেজের অন্তর্ভুক্ত থাকবে।
হজ প্যাকেজ-১-এ নিবন্ধনকারীরা মক্কায় মসজিদুল হারাম থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের সুবিধা পাবেন। মিনায় জোন-২-এ তাঁবুর ব্যবস্থা থাকবে। এছাড়া মিনা ও আরাফায় উন্নত সেবা, মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ এবং সাধারণভাবে ৩৫ থেকে ৪০ দিন সৌদি আরবে অবস্থানের সুযোগ থাকবে। অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেড ও স্বল্পমেয়াদি প্যাকেজ নেওয়ার সুযোগও রাখা হয়েছে।
অন্যদিকে সাশ্রয়ী হজ প্যাকেজ-২-এ মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫-এ তাঁবুর ব্যবস্থা করা হবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসে যাতায়াতের সুবিধা দেওয়া হবে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ গাইডলাইন অনুযায়ী, সরকারি প্যাকেজে বিমানভাড়ার পাশাপাশি মক্কা ও মদিনায় আবাসন, মিনা-আরাফা-মুজদালিফার সেবা, কোরবানি, সৌদি আরবে অভ্যন্তরীণ পরিবহন, হজ গাইড, প্রশিক্ষণ, আইটি সেবা, প্রশাসনিক ফি এবং স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যয় অন্তর্ভুক্ত থাকবে।
বেসরকারি ব্যবস্থাপনায় নির্ধারিত সাধারণ হজ প্যাকেজের ব্যয় সরকারি সাশ্রয়ী প্যাকেজের তুলনায় ৮ হাজার টাকা বেশি। অনুমোদিত হজ এজেন্সিগুলোকে সরকার নির্ধারিত সাধারণ প্যাকেজ অনুসরণ করতে হবে। তবে অতিরিক্ত সুবিধা সংযোজন করে সর্বোচ্চ তিনটি বিশেষ প্যাকেজ ঘোষণা করা যাবে। কোনো অবস্থাতেই সরকারি সাধারণ প্যাকেজের চেয়ে নিম্নমানের সেবা প্রদান করা যাবে না।
ধর্মমন্ত্রী আরও জানান, হজযাত্রীদের নিবন্ধন, অর্থ পরিশোধ, পাসপোর্ট ও ভিসা প্রক্রিয়া, স্বাস্থ্য পরীক্ষা, প্রাক্-হজ প্রশিক্ষণ, নুসুক কার্ড ব্যবহার, সৌদি আরবে আবাসন ও পরিবহন ব্যবস্থাপনা, হজকালীন বিভিন্ন সেবা এবং দেশে ফেরার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত নির্দেশনা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, ২০২৭ সালের হজযাত্রীদের নিবন্ধনের সময়সূচি পরবর্তীতে পৃথকভাবে জানিয়ে দেওয়া হবে।
এনএনবাংলা/
