২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো আমিরাত

পবিত্র রমজান মাস শুরু হতে এখনো কয়েক মাস বাকি। তবে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ এ মাসেই জানিয়ে দিয়েছেন।
হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১২১ দিন বাকি রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রোজা শুরু হতে পারে। একই সাথে আগামী ১২ অক্টোবর জমাদিউল আউয়াল মাস শুরুর মধ্য দিয়ে রমজান মাস আসতে আর চার চন্দ্রমাস বাকি থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান এই জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, শনিবার সূর্যাস্তের পর আনুমানিক সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে।আল জারওয়ান আরও উল্লেখ করেন, আগামী ১১ অক্টোবর রোববার সন্ধ্যায় খালি চোখে নতুন চাঁদের কলা দেখা যেতে পারে। এর ফলে ১২ অক্টোবর সোমবার থেকে ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাস শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। নতুন এই হিজরি মাস গণনা শুরুর মধ্য দিয়ে পবিত্র সিয়াম সাধনার মাসের ক্ষণগণনা আরও স্পষ্ট হয়ে উঠছে। তবে চূড়ান্তভাবে সরকারি চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ওপর ভিত্তি করেই ৮ ফেব্রুয়ারি রোজা শুরু হবে।
রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, তার ওপর নির্ভর করে আগামী বছরের ৯ অথবা ১০ মার্চ পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। তবে রমজান মাসের শুরু এবং ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।
ইসলামিক চন্দ্রবর্ষের প্রাকৃতিক পদ্ধতির ব্যাখ্যা দিয়ে আল জারওয়ান জানান, কোনো ধরনের জটিল বৈজ্ঞানিক যন্ত্র বা আধুনিক হিসাব-নিকাশ ছাড়াও চন্দ্রবর্ষের পরিবর্তন পর্যবেক্ষণ করা সম্ভব। চাঁদের দৃশ্যমান রূপ পরিবর্তনের মাধ্যমেই মানুষ নতুন চাঁদ, প্রথম চতুর্থাংশ এবং পূর্ণিমাসহ মাসের বিভিন্ন পর্যায় চিহ্নিত করে থাকে। পরবর্তীতে চাঁদের আলো কমে গিয়ে একপর্যায়ে তা বিলীন হয়ে যায়। আকাশে চাঁদের এই দৃশ্যমান পর্যায়গুলোই মূলত পুরো চন্দ্র মাসের প্রাকৃতিক দিনপঞ্জির ভিত্তি তৈরি করে।
এনএনবাংলা/এফএস
