Skip to content

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত, প্রথমটি সকাল ৭টায়

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৮ মে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এবারও মুসল্লিদের সুবিধার্থে ভিন্ন ভিন্ন সময়ে জামাতের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।

বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা করে।

ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক।

সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররমের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।

সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির থাকবেন খাদেম মো. রুহুল আমিন।

চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সাংস্কৃতিক বিভাগের উপপরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির থাকবেন খাদেম মো. আব্দুল হাদী।

সবশেষ পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম মো. আমির হোসেন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, নির্ধারিত কোনো ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম। এছাড়া বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন খাদেম মো. শামসুল হক।

ঈদের নামাজ আদায়ের জন্য মুসল্লিদের নির্ধারিত সময়ের আগেই মসজিদে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এনএনবাংলা/