




ফ্রান্সে বার্ষিক ‘ফেত দো লা মিউজিক’ (স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল) উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। তবে এ বছর তীব্র তাপপ্রবাহের কারণে উৎসব ঘিরে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। দেশটির প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় সর্বোচ্চ তাপ সতর্কতা জারি করা হয়েছে এবং ‘রেড অ্যালার্ট’ এলাকায় রাস্তায় মদ পান নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
প্রতি বছর ২১ জুন (স্থানীয় সময়) ফ্রান্সজুড়ে সংগীতশিল্পীরা উন্মুক্ত স্থানে পরিবেশনা করেন। বার, রাস্তার মোড়, পার্ক এবং বিভিন্ন ভবনের ছাদে আয়োজন করা হয় গান-বাজনার অনুষ্ঠান। গ্রীষ্মের সূচনা উপলক্ষে হাজারো মানুষ গভীর রাত পর্যন্ত এই উৎসবে অংশ নেন।
তবে এ বছর ‘ফেত দো লা মিউজিক’ উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে তীব্র গরমের মধ্যে। ফ্রান্সের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, রেকর্ডসংখ্যক ৩৫টি এলাকায় সর্বোচ্চ তাপ সতর্কতা জারি করা হয়েছে। কিছু অঞ্চলে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
চরম গরমের কারণে কয়েকটি শহরের স্থানীয় প্রশাসন উৎসবের কিছু আয়োজন বাতিল করেছে। তবে রাজধানী প্যারিস, লিয়ঁ এবং স্ট্রাসবুর্গসহ বেশ কয়েকটি বড় শহরে নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
স্বাস্থ্যঝুঁকি কমানো এবং সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে সরকার ‘রেড অ্যালার্ট’ জারি থাকা এলাকাগুলোতে প্রকাশ্যে মদ পান নিষিদ্ধ করেছে। একই সঙ্গে উৎসবে অংশগ্রহণকারীদের পর্যাপ্ত পানি পান, ছায়াযুক্ত স্থানে অবস্থান এবং প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় রোদে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এনএনবাংলা/
Tags: Fête de la MusiqueFrance Heatwaveগরমে মদ পান নিষিদ্ধফেত দো লা মিউজিকফ্রান্স সংগীত উৎসবফ্রান্সে তাপপ্রবাহ
এ সম্পর্কিত আরও পড়ুন