Skip to content

Upcoming
Portugal
0-0
Uzbekistan
Source: ESPN

ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

ডিবি ফরিদপুর সদর জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেন। ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত (২৭) নামের এক ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ডিবি ফরিদপুর সদর জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে।

আজ আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়, ‘জনাব সৈয়দ মো. আলমগীর হোসেন (বিপি-৮০০৬১০৬১৮৫) অফিসার-ইনচার্জ, ডিবি, সদর জোন, ফরিদপুরকে প্রশাসনিক কারণে ডিবি, সদর জোন হতে প্রত্যাহার করা হলো।’

ওই পত্রে আরও বলা হয়, ‘বর্ণিত কর্মকর্তাকে অদ্য ২৩/০৬/২০২৬ খ্রিঃ ১৩.০০ ঘটিকার মধ্যে পুলিশ লাইন্স ফরিদপুরে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম বলেন, ‘প্রশাসনিক কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ওই কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।’

মৃত্যু হওয়া ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া গ্রামের বাসিন্দা এবং ফরিদপুর আইন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গত শনিবার (২০ জুন) বিকেল ৫টার দিকে ডিবি পুলিশ তাকে আটক করে। সে সময় মায়ের সামনেই তাকে মারধর করা হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পরবর্তীতে ২১ জুন (রোববার) সকাল ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডিবি হেফাজতে থাকাকালীন তার মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার ইশতিয়াকের জানাজার আগে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী। বিক্ষুব্ধ জনতা ৪০ মিনিটের জন্য ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে । এ সময় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়। পারে মৃত ইশতিয়াকের পরিবারের অনুরোধে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।

এদিকে সোমবার দুপুর সোয়া দুটার দিকে মধুখালী ঈদগাহ ময়দানে জানাজার নামাজের আগে উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সহ তিন জন বিএনপি নেতা বক্তব্য দেন। বিএনপি নেতারা এই ঘটনাকে ‘হত্যাকান্ড’ হিসেবে আখ্যায়িত করে দ্রুত এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ প্রেক্ষাপটে আজ দুপুর একটার মধ্যে প্রত্যাহার করা হলো গোয়েন্দা পুলিশ শাখার সদর জোনের ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনকে।