Skip to content

LIVE 21'
Portugal
2-0
Uzbekistan
Source: ESPN

খামেনির শেষ বিদায় ও দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা

ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়, জানাজা ও দাফন উপলক্ষে রাজধানী তেহরানে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। মঙ্গলবার (২৩ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া ও দাফনের আনুষ্ঠানিকতা কয়েকটি ধাপে সম্পন্ন হবে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামী ৪ ও ৫ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে তার মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

এরপর ৬ জুলাই রাজধানী তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় আনুষ্ঠানিক জানাজা ও শেষ বিদায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে তেহরান প্রদেশে তিন দিনের সরকারি ছুটি কার্যকর থাকবে।

এদিকে, ৭ জুলাই পবিত্র নগরী কুমে আরেকটি ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সর্বশেষ ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে আয়াতুল্লাহ খামেনিকে চূড়ান্তভাবে দাফন করা হবে।

ইসলামি বিপ্লবের নেতা হিসেবে প্রায় ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন আয়াতুল্লাহ আলি খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার প্রথম দিন তিনি নিহত হন বলে জানানো হয়। তবে নিরাপত্তাজনিত কারণে তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়েছিল।

বিশ্লেষকদের মতে, খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া শুধুমাত্র একটি ধর্মীয় বা রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়; এটি ইরানের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও ক্ষমতার রূপান্তরের গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানগুলোতে দেশজুড়ে লাখো মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে ইরানজুড়ে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে জোরদার করা হয়েছে।

এনএনবাংলা/