দেশজুড়ে আগামী ৫ দিন বৃষ্টির দাপটের পূর্বাভাস

শ্রাবণের মেঘে ছেয়ে আছে সারা দেশের আকাশ। কোথাও গুঁড়ি গুঁড়ি, আবার কোথাও ভারী বর্ষণে ভিজছে জনপদ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু বর্তমানে বেশ সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এর অবস্থা মাঝারি পর্যায়ে রয়েছে। এর প্রভাবে আজ সোমবার থেকে শুরু করে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত হয়েছে, যা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বাড়িয়ে তুলছে।
টানা বৃষ্টির পূর্বাভাস
সোমবার রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কিছু কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
আগামীকাল মঙ্গলবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে এদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এদিকে আগামী ২৩ ও ২৪ জুলাই খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। এই তিন বিভাগের অধিকাংশ স্থানে এবং দেশের অন্যান্য বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনজুড়েই সারা দেশে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের ডিমলায়, ১০১ মিলিমিটার। এছাড়া খুলনায় ৬২ মিলিমিটার, তেঁতুলিয়ায় ৫৬ মিলিমিটার, সিলেটে ৩৩ মিলিমিটার এবং টাঙ্গাইলে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকলেও দিনভর মেঘলা আকাশের সঙ্গে হালকা বর্ষণ অব্যাহত ছিল।
তাপমাত্রার হিসাবে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বর্ষাকালে মৌসুমি বায়ুর এমন সক্রিয়তার কারণে বৃষ্টিপাতের প্রবণতা আরও কয়েক দিন স্থায়ী হতে পারে। ফলে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এনএনবাংলা/
