Skip to content

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৯ শিশু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ জুলাই সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৬৯৮ জন।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৫৭৮ জন। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ১ লাখ ১৮ হাজার ৫৭০ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের মধ্যে ১ লাখ ১ হাজার ২৬ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ হাজার ৫৩২ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২০ জুলাই সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩৬২ জনের। একই সময়ে আক্রান্ত হয়েছে ৬২ হাজার ৬১৮ জন।

এনএনবাংলা/