Skip to content

মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস, নেতৃত্বে রাহুল-প্রিয়াঙ্কা

দিল্লিতে মঙ্গলবার মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের নেতারা।। ছবি: এক্স থেকে নেওয়া

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে তার সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিরোধী দল কংগ্রেস। দলটির শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বিক্ষোভে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদও জানান।

মঙ্গলবার বিকেলে দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন রাহুল গান্ধী। এ সময় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। এনডিটিভির সরাসরি সম্প্রচারে বিকেল পাঁচটার দিকেও কংগ্রেস নেতাদের সেখানে অবস্থান করতে দেখা যায়।

এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, সোমবার তরুণ ও শিক্ষার্থীদের ওপর যে ‘বর্বরতা’ চালানো হয়েছে, তার জবাব চাইতেই তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে মিছিল করেছেন। তিনি অভিযোগ করেন, সরকার এ ঘটনার দায় নিতে চায় না এবং সংসদেও এ বিষয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সোমবার মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কয়েক হাজার তরুণ সংসদ অভিমুখে মিছিল করেন। ককরোচ জনতা পার্টি (সিজেপি) নেতৃত্বাধীন ওই কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হন।

ভারতের গণমাধ্যম দ্য হিন্দু মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে জানায়, শিক্ষার্থীদের মূল প্রতিবাদস্থল যন্তর-মন্তরের আশপাশে শত শত মানুষ জড়ো হয়েছেন। তারা যন্তর-মন্তরে প্রবেশের চেষ্টা করছেন এবং প্রবেশপথগুলোতে দীর্ঘ সারি দেখা গেছে। এর আগে সকালে পুলিশ জানিয়েছিল, এলাকাজুড়ে এখনও ১৬৩ ধারা বহাল রয়েছে।

পুলিশের হামলায় আহতদের দেখতে মঙ্গলবার সকালে দিল্লির একটি হাসপাতালে যান সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিত দীপ। এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, পুলিশের বেধড়ক লাঠিচার্জে এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। একই সঙ্গে তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে মঙ্গলবার সকালে এনডিএ জোটের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে তিনি এমপিদের তরুণদের কাছে গিয়ে তাদের উদ্বেগ ও সংশয় দূর করার আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত সূত্রের বরাতে জানা যায়, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে। তবে বিরোধীদের ‘ষড়যন্ত্র’ সম্পর্কেও শিক্ষার্থীদের সচেতন করার প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

এনএনবাংলা/