চুপ্পুর পদত্যাগপত্রে ১০টির বেশি ভুল, সামাজিক মাধ্যমে ভাইরাল
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রে ১০টির বেশি বানান ও শব্দগত ভুল পাওয়া গেছে বলে দাবি করেছে ‘শুদ্ধ বানান চর্চা (শুবাচ)’ নামের একটি গ্রুপ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ট্রলের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গতকাল বিকেল ৫টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন চুপ্পু। পরে সেই পদত্যাগপত্র পর্যালোচনা করে একাধিক ভাষাগত ও বানানগত ত্রুটি চিহ্নিত করে শুবাচ।
গ্রুপটির দাবি অনুযায়ী, ‘স্পিকার’ শব্দটি তিনি লিখেছেন ‘স্পীকার’। আবার ‘শ্রদ্ধাভাজনেষু’-এর পরিবর্তে লিখেছেন ‘শ্রদ্ধাজনেষু’। পদত্যাগ সংক্রান্ত বাক্যেও ভুল রয়েছে। তিনি লিখেছেন, ‘রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছি’, অথচ শুদ্ধ রূপ হবে ‘রাষ্ট্রপতির পদ ত্যাগ করছি’।

এছাড়া তারিখ উল্লেখের ক্ষেত্রেও অসঙ্গতি দেখা গেছে। তিনি লিখেছেন, ‘২০২৩ খ্রি. সনের ২৪ এপ্রিল’। ভাষাবিদদের মতে, সঠিকভাবে লেখা উচিত ছিল ‘২০২৩ সনের ২৪শে এপ্রিল’ অথবা ‘২০২৩ খ্রিষ্টাব্দের ২৪শে এপ্রিল’।
আরেকটি বাক্যে তিনি লিখেছেন, ‘নিষ্ঠা, সততা ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করেছি’। এর পরিবর্তে শুদ্ধ রূপ হবে, ‘নিষ্ঠা ও সততার সঙ্গে সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য রেখে দায়িত্ব পালন করেছি’।
এছাড়াও পদত্যাগপত্রে ‘পরিক্ষা’ (পরীক্ষা), ‘কোন’ (কোনো), ‘হৃদ্যন্ত্র’, ‘ইদানীং’, ‘অসামর্থ্য’, ‘রোগসমূহ’ এবং ‘৫০ (৩)’-এর উপস্থাপনাসহ আরও কয়েকটি শব্দ ও ব্যবহারে ভুল রয়েছে বলে দাবি করা হয়েছে।
এসব ভুল সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের মন্তব্য ও ট্রল শুরু হয়েছে। অনেকেই সাবেক রাষ্ট্রপতির পুরোনো একটি ফেসবুক মন্তব্য—‘নাইস এন্ড অ্যাট্রাকটিভ’—উল্লেখ করে নতুন করে হাস্যরসের খোরাক তৈরি করছেন।
এনএনবাংলা/
