Skip to content

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের কোনো আইনি ভিত্তি দেখছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন রাজনৈতিক দল সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানালেও, এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার মতো কোনো আইনি ভিত্তি সরকার খুঁজে পায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি ‘পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে অংশ নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শারীরিক অসুস্থতার কারণে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্পিকার তা গ্রহণ করেছেন। সাংবিধানিক বিধান অনুসারে বর্তমানে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের পর আমরা চাই মানুষ রাজনৈতিকভাবে মত প্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা ভোগ করুক। এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল তার বিরুদ্ধে অভিযোগ তুলতেই পারে। তবে বিষয়টি আমলে নেওয়ার মতো কোনো আইনি ভিত্তি আমরা দেখিনি।’

রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালীন কর্মকাণ্ড সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্বে থাকা অবস্থায় সাবেক রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী দায়মুক্তি (ইমিউনিটি) ও বিশেষ অধিকার (প্রিভিলেজ) ভোগ করেছেন। ফলে ওই সময়ের কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সুযোগ নেই। তবে দায়িত্বকালের বাইরে কোনো অভিযোগ থাকলে তা প্রচলিত আইন অনুযায়ী বিবেচনা করা হবে।

শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতির কথোপকথন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সংক্রান্ত কোনো তথ্য সরকারের কাছে নেই। ‘আমরাও বিষয়টি পত্রিকায় দেখেছি। কোনো গণমাধ্যম যদি এমন দাবি করে, তাহলে তার প্রমাণও তাদেরই দিতে হবে। আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। আর কথা বলার জন্য লন্ডনে যেতে হয়—এমন ধারণা আমার কাছে অলীক মনে হয়। এখন ইন্টারনেটের যুগে এখান থেকেই যোগাযোগ করা সম্ভব,’ বলেন তিনি।

রাষ্ট্রপতি হওয়ার আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ব্যাংকের প্রশাসনিক দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কোনো অভিযোগের বিচার হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময়কার কোনো অভিযোগ থাকলে তা প্রচলিত আইন ও বিধি অনুযায়ী বিবেচনা করা হবে।

এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে। এ প্রেক্ষাপটে তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি আইন অনুযায়ী প্রাপ্য সব সুযোগ-সুবিধা পাবেন। এসএসএফ, পিজিআরসহ ছয় মাস নিরাপত্তা সুবিধার বিধান রয়েছে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তার নিরাপত্তা নিশ্চিত করবে।

বিরোধী রাজনৈতিক দলগুলো কেন সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তারের দাবি জানাচ্ছে—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এর উত্তর সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর কাছ থেকেই জানতে হবে।

এনএনবাংলা/