সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের ৩ বছরের কা’রা’দণ্ড

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর চৌধুরী)কে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি আবুল কালাম আজাদ।
সকালে কারাগার থেকে এস কে সুরকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাঁকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
এর আগে দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৫ জুলাই মামলার রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছিল। দুদকের পক্ষে প্রসিকিউটর আবুল কালাম আজাদ আদালতের কাছে আসামির সর্বোচ্চ তিন বছরের সাজা প্রার্থনা করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী সরোজ কুমার হাওলাদার তাঁর মক্কেলের খালাস দাবি করেন। মামলার বিচার চলাকালে আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসার পর ২০২২ সালে এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। একই বছরের মার্চ মাসে তাঁকে দুদকে তলব করা হয়। তিনি ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদ থেকে অবসরে যান।
পরে ২০২৫ সালের ১৪ জানুয়ারি দুদকের একটি এনফোর্সমেন্ট টিম রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
অভিযোগ রয়েছে, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালনকালে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার)-এর ঋণ কেলেঙ্কারিতে তিনি সহযোগিতা করেন এবং এর মাধ্যমে সুবিধা গ্রহণ করেন।
মামলার তথ্য অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এস কে সুর চৌধুরী এবং তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের বিস্তারিত তথ্য দাখিলের জন্য দুদক নোটিশ জারি করে।
২০২৫ সালের ২৭ অক্টোবর তিনি নিজ স্বাক্ষরে সম্পদের হিসাব বিবরণী দাখিলের আদেশ ও নির্ধারিত ফরম গ্রহণ করেন। তবে আইন অনুযায়ী নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদের হিসাব বিবরণী জমা দেননি।
এ কারণে একই বছরের ২৩ ডিসেম্বর এস কে সুর চৌধুরী, তাঁর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন।
পরবর্তীতে ২০২৫ সালের ২৫ আগস্ট দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ৬ নভেম্বর আদালত এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
এনএনবাংলা/
