লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, অভিযুক্ত সিরীয় নাগরিক গ্রেপ্তার

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির অ্যান্টি-ইলিগ্যাল মাইগ্রেশন এজেন্সির (পূর্ব ত্রিপোলি শাখা)। একই সঙ্গে অপহৃত ব্যক্তিদের একটি গোপন আস্তানায় জিম্মি করে তাদের স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগে এক সিরীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
লিবিয়া অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। বিচার বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
অ্যান্টি-ইলিগ্যাল মাইগ্রেশন এজেন্সির অফিসিয়াল ফেসবুক পেজের বরাত দিয়ে লিবিয়া অবজারভার জানিয়েছে, সম্প্রতি ত্রিপোলিতে সদ্য আসা অভিবাসীদের অপহরণ করে তাদের পরিবারের সদস্যদের ব্ল্যাকমেইল ও মুক্তিপণ দাবি করে আসছিল একটি সুসংগঠিত আন্তর্জাতিক অপরাধী চক্র। এ বিষয়ে গোপন তথ্য পাওয়ার পর সংস্থাটির ইনভেস্টিগেশন অ্যান্ড অ্যারেস্ট ইউনিট তদন্ত শুরু করে।
তথ্য যাচাইয়ের পর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয় এবং অপহৃত বাংলাদেশিদের অবস্থান শনাক্ত করা হয়। একই সঙ্গে এই অপরাধের সঙ্গে জড়িত মূল সন্দেহভাজনের পরিচয়ও নিশ্চিত করে তদন্তকারী দল।
পাবলিক প্রসিকিউশনের অনুমতি পাওয়ার পর চিহ্নিত আস্তানায় অভিযান চালায় অ্যান্টি-ইলিগ্যাল মাইগ্রেশন এজেন্সি। অভিযানে অবরুদ্ধ অবস্থায় থাকা ১৩ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে এক সিরীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অপহরণ এবং জিম্মি করে মুক্তিপণ আদায়ের বিষয়টি স্বীকার করেছেন। তার জবানবন্দি আনুষ্ঠানিকভাবে নথিবদ্ধ করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এনএনবাংলা/
