Skip to content

বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগে ভারতীয় নাগরিককে ধরে আনলো স্থানীয়রা

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বিরাজোত সীমান্তে বাংলাদেশি এক বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগের জেরে এক ভারতীয় নাগরিককে ধরে নিয়ে এসেছে স্থানীয়রা। পরে ওই ভারতীয় নাগরিককে বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় শনিবার বিকালে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বিরাজোত সীমান্তে বাংলাদেশি এক বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগে দীপঙ্কর গোপ (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে ধরে নিয়ে এসেছে সীমান্তের বাসিন্দারা।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে বিরাজোত সীমান্তের মেইন পিলার ৭৪২-এর ১২ নম্বর সাব-পিলার এলাকার বাংলাদেশের অংশে একটি আখখেতে প্রবেশ করলে স্থানীয়রা দীপঙ্কর গোপকে ধরে নিয়ে আসে। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে বলে জানা গেছে।

বর্তমানে ওই ভারতীয় নাগরিক বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন।

স্থানীয়দের দাবি, নীলফামারী ৫৬ বিজিবির অমরখানা ক্যাম্পের আওতাধীন বিরাজোত সীমান্ত এলাকায় গত বুধবার সকালে হারানো গরু খুঁজতে যান তমিজ উদ্দিন (৭৮) নামে এক বাংলাদেশি বৃদ্ধ কৃষক। পরে সীমান্তের বাংলাদেশ অংশ থেকে তাকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চাউলহাটি ক্যাম্পের সদস্যরা।

এরই জেরে শনিবার সকালে সীমান্তে চা-বাগানে কাজ করার ফাঁকে ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপ বাংলাদেশের অংশে একটি আখখেতে প্রবেশ করলে তাকে ধরে নিয়ে আসে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, তমিজ উদ্দিন বয়স্ক ব্যক্তি। তিনি কানে কম শোনেন এবং ঠিকমতো হাঁটতেও পারেন না। গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি চলে যাওয়ার পর বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ তাদের।

তমিজ উদ্দীনের ছেলে আজাহার আলী বলেন, ‘আমার বাবা কিছুই করেননি। গরু খুঁজতে গেছেন। আমার বাবা বয়স্ক লোক, শুনতে পায় না, চলতে পারেন না। কীভাবে কী হয়েছে কিছুই জানি না। আমার বাবাকে ফিরে পেতে চাই। যদি আমার বাবাকে না দেয়, ভারতীয় সেই লোককে যেন ফেরত না দেওয়া হয়। আমার বাবাকে ফিরিয়ে দিলে আমরা এই লোকটাকে দিয়ে দেব।’

এ ঘটনায় শনিবার বিকালে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ জানায়, বাংলাদেশি নাগরিক তমিজ উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ সময় বিজিবি ওই সংক্রান্ত ডকুমেন্টস দেখতে চাইলে বিএসএফ জানায়, তাদের নাগরিককে ফেরত দিলে ডকুমেন্টস দেখানো হবে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, ‘সীমান্তের বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়রা আমাদের জানায়নি। তবে এক ভারতীয় নাগরিককে নিয়ে এলে বিএসএফ বিষয়টি আমাদের জানায়। পরে আমরা স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার জেরেই ওই ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিএসএফ জানিয়েছে, বাংলাদেশি নাগরিককে সীমান্তের কাঁটাতার কাটার অপরাধে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক ভারতীয় নাগরিকের বিষয়টি পুলিশ দেখছে।’

ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা ও সমন্বয় চলছে।

এনএনবাংলা/