পুলিশ সদস্যদের ডোপ টেষ্ট করা হবে: খুলনা রেঞ্জ ডিআইজি
পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন, পুলিশের কোনো সদস্য মাদক কারবারের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মাদকাসক্ত শনাক্তে তাদের ‘ডোপ টেষ্ট’ করা হবে। বুধবার (১২ আগস্ট) দুপুরে নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডিআইজি মোস্তাফিজুর রহমান আরও বলেন, মব সৃষ্টি, চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে পেট্রোলিং ও বিট পুলিশিং ব্যবস্থা জোরদার করা হবে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে সাংবাদিকসহ সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
তিনি জানান, এ বছর খুলনা বিভাগের ১০ জেলায় পুলিশ বিভাগের পক্ষ থেকে ৫০ হাজার ফলদ, বনজ ও ওষধি গাছ লাগানো হচ্ছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, কালিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার রবিন হালদার, সহকারি পুলিশ সুপার মোহাম্মদ মোহসিনসহ বিভিন্ন থানার ওসি পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/
