সাম্প্রতিক
আগামী সপ্তাহে দুদিনের সফরে ভারত যেতে পারেন তারেক রহমান রাজধানীতে অঞ্চলভিত্তিক চলবে ব্যাটারিচালিত রিকশা, থাকছে লাইসেন্স-নিবন্ধন দ্বিতীয় দিনেও বাংলাদেশের হাসি, দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া গ্যাস সংকটে ভারী শিল্পে উৎপাদন বন্ধ ঢাকা বিমানবন্দর থেকে দিল্লি যাওয়ার পর আশিয়ানের নজরুলের ব্যাগে মিলল ৩১ রাউন্ড গুলি বিএনপির ৪৮ বছরে মহাসচিব যারা, কে কতদিন দায়িত্বে ছিলেন ঋণের চাপে সরকারি বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটে মুসলিম ব্রাদারহুড, নেতৃত্বে তীব্র কোন্দল ভারতের জায়গায় ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ!
Skip to content

সাপের কামড়ে যুবক ও কিশোরীর মৃত্যু, মরদেহে ওঝার ঝাড়ফুঁক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে এক যুবক ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। এর মধ্যে মৃত যুবককে ঝাড়ফুঁক করালে জীবিত হয়ে উঠবে—এমন অলৌকিক বিশ্বাসে স্বজনেরা তার মরদেহে দীর্ঘক্ষণ ওঝা দিয়ে ঝাড়ফুঁক করিয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর।

নিহতরা হলেন—উপজেলার বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া এলাকার বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০) এবং বাহাগিলী ইউনিয়নের বৈধপাড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে লুনা।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ আগস্ট) রাতে বিজয় স্থানীয় একটি মনসার গানের অনুষ্ঠানে যান। সেখানে দর্শকদের বিনোদন দিতে বিষধর সাপ নিয়ে খেলা দেখানোর সময় সাপটি তার হাতে কামড় দেয়। বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

শুক্রবার সকালে বিজয়ের মরদেহ বাড়িতে নিয়ে আসার পর পরিবারের সদস্যরা ওঝা ডেকে ঝাড়ফুঁক শুরু করেন। তাদের বিশ্বাস ছিল, মন্ত্রপড়া ও ঝাড়ফুঁকের মাধ্যমে বিজয় আবার জীবিত হয়ে উঠতে পারেন। দীর্ঘ সময় ধরে ঝাড়ফুঁক চললেও শেষ পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি।

বিজয়ের বাবা বিপুল রায় বলেন, “ডাক্তাররা গতকালই তাকে মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু মরদেহ বাড়িতে আনার পর আমাদের মনে হলো, ঝাড়ফুঁক করলে হয়তো ছেলেটা ফিরে আসবে। সেই আশাতেই ওঝা ডেকেছিলাম।”

এদিকে একই উপজেলায় সাপের কামড়ে লুনা নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যায় সে। মধ্যরাতে ঘুমের মধ্যে একটি সাপ তার ডান হাতে কামড় দেয়। পরে স্বজনেরা দ্রুত তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার ওসি আব্দুর গফুর বলেন, “সাপের কামড়ে পৃথক দুটি মৃত্যুর খবর আমরা পেয়েছি। হাসপাতাল থেকে মৃত ঘোষণা করার পরও মরদেহ ঝাড়ফুঁক করার বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

এনএনবাংলা/