সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তির গলা কাটার চেষ্টা, রহস্যে ঘটনা

নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় মো. সালেহ আহমেদ (৫০) নামের এক ব্যক্তির গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত সালেহ আহমেদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার দিবাগত রাত ১টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বরলা উত্তরপাড়া এলাকার ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ঘরের কোনো মালামালও খোয়া যায়নি।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন করাতকলের শ্রমিক সালেহ আহমেদ। রাত আনুমানিক ১টার দিকে তার স্ত্রী হঠাৎ ঘুম থেকে উঠে একজনকে ঘর থেকে বের হয়ে যেতে দেখেন। তবে অন্ধকারে ওই ব্যক্তিকে চিনতে পারেননি তিনি। পরে স্বামীর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখতে পেয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন।

পরে গুরুতর আহত অবস্থায় সালেহ আহমেদকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সালেহ আহমেদের পরিবারের সদস্যরা জানান, কারা বা কী কারণে তাকে হত্যার চেষ্টা করেছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। ঘটনার সময় তার স্ত্রী চিৎকার করলে দুর্বৃত্ত পালিয়ে যায়। তবে ঘর থেকে কোনো মালামাল বা টাকা-পয়সা নেওয়া হয়নি।

সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাছির উদ্দিন। তিনি আহত সালেহ আহমেদের ভাই, স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

পুলিশ সুপার এন এম নাছির উদ্দিন বলেন, পরিবারের সদস্যরা যেভাবে ঘটনার বর্ণনা দিয়েছেন, তাতে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল করিম বলেন, রাতে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তিকে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনা ঘটলেও পুলিশ বিষয়টি জানতে পারে সোমবার সকালে। সালেহ আহমেদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের পক্ষ থেকে এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনএনবাংলা/