সাম্প্রতিক
Skip to content

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশের প্রশংসায় বিশ্ব মিডিয়া

ইতিহাস গড়ে ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট জয় করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে গিয়ে প্রথমবারের মতো তাদেরই মাটিতে জয়ের দেখা পেয়েছে টাইগাররা। পুরো টেস্টে একবারের জন্যও নিয়ন্ত্রণ হারায়নি নাজমুল হোসেন শান্তর দল। ৯ উইকেটের দাপুটে জয়টি সাদা পোশাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় জয়। একই সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী বাংলাদেশ।

টাইগারদের এমন দাপুটে পারফরম্যান্সে প্রশংসায় ভাসছে বিশ্ব মিডিয়া। বাংলাদেশের ঐতিহাসিক জয়ের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের ওয়েবসাইটে শিরোনাম করেছে, ‘অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম টেস্ট জয়।’ ক্রিকেটবিষয়ক ওয়েব পোর্টাল ক্রিকইনফো শিরোনাম করেছে, ‘মেহেদীর ফাইফারে ভর করে ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো বাংলাদেশ।’ ক্রিকবাজের শিরোনাম, ‘মেহেদীর ফাইফার: অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম টেস্ট জয়।’ অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস শিরোনাম করেছে, ‘ক্যামেরন গ্রিনের শতক সত্ত্বেও ইতিহাস গড়লো ‘মিনোজ’ দল, লজ্জায় পড়লো অস্ট্রেলিয়া।’

বাংলাদেশের জয়ের পর ক্রিকেটারদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোনকলের বিষয়টিও গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। সিডনি মর্নিং হেরাল্ড শিরোনাম করেছে, ‘বাংলাদেশ পেলো প্রধানমন্ত্রীর ফোনকল: নতুন প্রতিভার খোঁজে অস্ট্রেলিয়ার ক্রিকেট মহল।’ ক্রিকেট ডট কম ডট এইউর শিরোনাম, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ও বড় ব্যবধানে টেস্ট জয়ে বাংলাদেশের উল্লাস।’ দ্য অস্ট্রেলিয়ান লিখেছে, ‘বাংলাদেশের কাছে ডারউইনে ঐতিহাসিক হারের পর অস্ট্রেলীয় দলে কারও জায়গা নিশ্চিত নয়।’ নিউজ ডট কম ডট এইউর শিরোনাম, ‘অস্ট্রেলিয়া লজ্জায়, বড় সংকটের আভাস।’

বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানও বাংলাদেশের ঐতিহাসিক জয়কে গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের শিরোনাম, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও দুর্দান্ত টেস্ট জয়ে অস্ট্রেলিয়া অপমানিত।’ বিবিসি স্পোর্ট লিখেছে, ‘অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়।’ ভারতের প্রখ্যাত দৈনিক টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম, ‘অস্ট্রেলিয়াকে চমকে দিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ, অজিদের মাটিতে পেলো প্রথম টেস্ট জয়।’

ভারতের আরেকটি দৈনিক হিন্দুস্তান টাইমস অনলাইনের শিরোনাম, ‘ডারউইনে ইতিহাস গড়লো বাংলাদেশ: হাসান মাহমুদ ও মেহেদী মিরাজের দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে চমকে দিয়ে স্মরণীয় জয়, অজিদের জন্য ‘সতর্কবার্তা’। দ্য টেলিগ্রাফ অনলাইনের শিরোনাম, ‘অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়: নয় উইকেটে অজিদের উড়িয়ে দিলো বাংলাদেশ।’ কলকাতার আনন্দবাজার লিখেছে, ‘অসাধ্যসাধন’ বাংলাদেশের! অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধে প্রথম জয়, ক্রিকেটের অন্যতম বড় অঘটন।’

পাকিস্তানের বিখ্যাত গণমাধ্যম দ্য ডন শিরোনাম করেছে, ‘অদম্য বাংলাদেশের ইতিহাস: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়।’ পাকিস্তানের আরেক গণমাধ্যম জিও সুপারের শিরোনাম, ‘এশিয়ার জায়ান্টদের পেছনে ফেলে অস্ট্রেলিয়ায় সবচেয়ে কম ম্যাচে টেস্ট জয়ের রেকর্ড গড়লো বাংলাদেশ।’ ডেইলি মেইল শিরোনাম করেছে, ‘অস্ট্রেলিয়ার ভঙ্গুরতা ফাঁস: বাংলাদেশের কাছে অজিদের লজ্জাজনক হার এবং আসন্ন অ্যাশেজে ইংল্যান্ডের আশার আলো দেখছেন লরেন্স বুথ।’

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় শুধু সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সাফল্য নয়, বরং বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে টাইগারদের সামর্থ্যেরও বড় প্রমাণ। আর সেই কারণেই ডারউইনের এই জয় এখন বিশ্ব ক্রিকেটের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এনএনবাংলা/