দেড় ঘণ্টা পর পুরান ঢাকার হেলমেটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় হেলমেটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ৪ মিনিটে বংশাল চৌরাস্তা এলাকার মুকিম বাজারে একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় হেলমেটের গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে আগুন নিয়ন্ত্রণে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ছয়টি ইউনিট কাজ করে। প্রায় এক ঘণ্টা ৫১ মিনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বংশাল চৌরাস্তা এলাকার মুকিম বাজারের ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় থাকা হেলমেটের গোডাউনে আগুন লাগে। খবর পাওয়ার চার মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এনএনবাংলা/
