সাম্প্রতিক
Skip to content

থমকে যাচ্ছে শিল্পের চাকা

গ্যাস সংকটে ৯০০-র বেশি টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে দেশে গ্যাস সংকট চলছে। তীব্র গ্যাস-সংকটের কারণে দেশের অর্ধেকেরও বেশি টেক্সটাইল বা সুতা উৎপাদনকারী মিল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। শুধু তাই নয়, তৈরি পোশাক (আরএমজি), ইস্পাত ও কাগজসহ অন্যান্য খাতের কারখানাগুলোর উৎপাদন ক্ষমতাও অর্ধেকের নিচে নেমে এসেছে।

খাতসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, টেক্সটাইল শিল্পের সংকটে ইতোমধ্যে ১ লাখ ২০ হাজার শ্রমিক চাকরি হারিয়েছেন। আরও কারখানা বন্ধ হলে এই সংখ্যা বাড়তে পারে।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিল্পমালিকেরা, আর কাজ হারিয়ে অলস সময় কাটাচ্ছেন হাজারো শ্রমিক। শুধু শিল্পকারখানাই নয়, স্থানীয় বাসাবাড়িতে জ্বলছে না চুলা এবং সিএনজি স্টেশনগুলোতেও যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ‘অ্যাসোসিয়েশনের ১,৮০০-র বেশি সদস্যের মধ্যে ৯০০-রও বেশি টেক্সটাইল মিল গ্যাস সংকটের কারণে বর্তমানে সম্পূর্ণ বন্ধ রয়েছে। শুধু টেক্সটাইল মিল নয়, দীর্ঘমেয়াদী এই গ্যাস সংকটের কারণে গ্যাস-নির্ভর ইস্পাত, কাগজ, পার্টিকেল বোর্ড ও সিরামিক শিল্পেও উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ গত ৬ আগস্ট ব্যবসায়ী ও শিল্প মালিকদের আশ্বস্ত করেছিলেন যে গ্যাস সরবরাহ পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। তবে শিল্পোদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে গতকাল পর্যন্ত পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য পরিবর্তন না হওয়ায় তারা হতাশ।

নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলের মালিকেরা জানিয়েছেন, গত শুক্রবার কিছু এলাকায় গ্যাস সরবরাহে সামান্য উন্নতি দেখা গেলেও পরবর্তীতে পরিস্থিতি মতো হয়ে গেছে, কোনো কোনো ক্ষেত্রে তা আরও খারাপ হয়েছে।

এছাড়া গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদী ও মাধবদীর প্রায় ৮০ শতাংশ টেক্সটাইল, ডাইং এবং প্রিন্টিং কারখানা বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) মুখপাত্র আবদুল্লাহ আল মামুনের মতে, কারখানা মালিকদের পক্ষে শ্রমিকদের মজুরি, ইউটিলিটি বিল এবং ঋণের কিস্তি পরিশোধ করা কঠিন হয়ে পড়বে।

এমন পরিস্থিতিতে, দেশের অন্যতম বৃহৎ তাঁতশিল্পের কেন্দ্র নরসিংদীর মাধবদীতে গতকাল নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবিতে তাঁত শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন বলে খবর পাওয়া গেছে।

তবে এ ধরনের বিক্ষোভের খবর অস্বীকার করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

এনএনবাংলা/এফএস