সাম্প্রতিক
এক মাসে ৬০০ বস্ত্র কারখানায় উৎপাদন বন্ধ, বিটিএমএ সভাপতির দাবি বাঘাবাড়ি ঘি ও বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশ যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের স্বস্তি এনে দিল F2A ভিসা কাট-অফ চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে? ডিমের দাম চড়া, কিনতে হিমশিম নিম্ন আয়ের মানুষ আজ সংসদের তৃতীয় অধিবেশন, প্রথম দিনেই ৩ বিল ও কমিটি গঠন নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান নেপালের বন্যায় আটকা অপু বিশ্বাস, জানালেন ‘নিরাপদে আছি’
Skip to content

আজ সংসদের তৃতীয় অধিবেশন, প্রথম দিনেই ৩ বিল ও কমিটি গঠন

সংসদ অধিবেশন। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট)। বিকেল ৩টায় শুরু হতে যাওয়া এ অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে সংসদীয় কমিটি গঠন, তিনটি বিল উত্থাপন এবং পাঁচটি বেসরকারি সদস্যের সিদ্ধান্ত-প্রস্তাব রয়েছে।

সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে বুধবার (২৬ আগস্ট) প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোকপ্রস্তাবের পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এরপর জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব উত্থাপন করা হবে। একই দিনের কার্যসূচিতে সংসদীয় কমিটি গঠনের বিষয়টিও রাখা হয়েছে।

প্রথম দিনেই শুরু হচ্ছে কমিটি গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দুই অধিবেশনে এখন পর্যন্ত মোট ১৯টি কমিটি গঠন করা হয়েছে। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, নতুন সংসদের তৃতীয় অধিবেশনের মধ্যে প্রতিটি মন্ত্রণালয়ের জন্য একটি করে স্থায়ী কমিটি গঠন করতে হয়।

তৃতীয় অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে ‘কমিটি গঠন’ অন্তর্ভুক্ত হওয়ায় বাকি সংসদীয় কমিটিগুলো গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে প্রথম ও দ্বিতীয় অধিবেশনে কার্য উপদেষ্টা কমিটি, সংসদ কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি, বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটিসহ বিভিন্ন হাউস ও বিশেষ কমিটি গঠন করা হয়।

এ ছাড়া পরিকল্পনা, অর্থ, আইন, বিচার ও সংসদবিষয়ক, সরকারি হিসাব, মুক্তিযুদ্ধবিষয়ক, শিল্প, পররাষ্ট্র, বাণিজ্য, পানি সম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিসহ মোট ১৯টি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও রয়েছে।

প্রথম দিনেই উঠছে ৩ বিল

তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই তিনটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের কথা রয়েছে।

প্রথমটি হলো ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬। ১৮৮২ সালের ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট সংশোধনের উদ্দেশ্যে বিলটি উত্থাপন করা হবে।

দ্বিতীয়টি জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬। জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে এ বিল আনা হচ্ছে।

অন্যদিকে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ উত্থাপন করা হবে গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা, ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার সংরক্ষণ এবং প্রতিকার দেওয়ার পাশাপাশি মানবাধিকার, ব্যক্তি-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে।

দুই স্থায়ী কমিটিতে যাবে তিন বিল

কার্যসূচি অনুযায়ী, ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬ এবং জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হবে।

অন্যদিকে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হবে।

থাকছে ৫ বেসরকারি সদস্যের সিদ্ধান্ত-প্রস্তাব

অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে পাঁচটি বেসরকারি সদস্যের সিদ্ধান্ত-প্রস্তাবও রয়েছে।

টাঙ্গাইল-৭ আসনের সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপনের প্রস্তাব উত্থাপন করবেন।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সদস্য মো. আবদুল মান্নান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপনের প্রস্তাব দেবেন।

চট্টগ্রাম-১২ আসনের সদস্য মোহাম্মদ এনামুল হক জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ পটিয়া আদালত ভবন দ্রুত নির্মাণের প্রস্তাব উত্থাপন করবেন।

নরসিংদী-৫ আসনের সদস্য মো. আশরাফ উদ্দিন রায়পুরা নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে আমিরগঞ্জসহ অন্যান্য স্টেশন হয়ে শ্রীরামপুর রেলগেট পর্যন্ত সড়ক সম্প্রসারণ করে শ্রীনিধী ও দৌলতকান্দি হয়ে ভৈরব রেলস্টেশন পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব দেবেন।

এ ছাড়া সাতক্ষীরা-২ আসনের সদস্য মুহাম্মাদ আব্দুল খালেক সাতক্ষীরা জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত-প্রস্তাব উত্থাপন করবেন।

১৫ জুলাই শেষ হয়েছিল দ্বিতীয় অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ এবং শেষ হয় ৩০ এপ্রিল। এরপর ৭ জুন শুরু হয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশন। ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর ৩০ জুন তা পাস হয়। পরে অধিবেশন চলতে থাকে এবং ১৫ জুলাই দ্বিতীয় অধিবেশন শেষ হয়।

প্রায় দেড় মাস বিরতির পর আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে সংসদের তৃতীয় অধিবেশন। প্রথম দিনের কার্যসূচিতে কমিটি গঠনের বিষয়টি থাকায় অধিবেশনের শুরুতেই বাকি সংসদীয় কমিটিগুলো গঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এনএনবাংলা/