নেপালের মানবিক সংকটে বাংলাদেশের ১ মিলিয়ন ডলার অনুদান

দক্ষিণ এশিয়ার বন্ধুপ্রতীম রাষ্ট্র নেপালে সাম্প্রতিক ভূমিধস ও আকস্মিক বন্যায় সৃষ্ট ভয়াবহ মানবিক সংকটে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালি জনগণের জরুরি ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশটিকে ১ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা, আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় এই অনুদান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদারের কাছে বিশেষ আর্থিক বরাদ্দের জন্য প্রাতিষ্ঠানিক অনুরোধ জানানো হলে প্রয়োজনীয় তহবিল ছাড়ের বিষয়ে নীতিগত অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়।
নেপালে নজিরবিহীন মানবিক সংকট
সাম্প্রতিক সময়ে নেপালের উত্তরাঞ্চলে আঘাত হানে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা ও ধারাবাহিক ভূমিধসে বিস্তীর্ণ এলাকার বসতি ও মৌলিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এখন পর্যন্ত এই দুর্যোগে প্রায় ১ হাজার ৫০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় অসংখ্য মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই সঙ্গে সাধারণ অধিবাসী, নেপালি সশস্ত্র বাহিনী এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ চার হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
দুর্গম পার্বত্য এলাকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নিখোঁজ ব্যক্তিদের সঠিক সংখ্যা নিরূপণ ও তথ্য সংগ্রহে বাধার সৃষ্টি হচ্ছে।
দুর্যোগে হাজার হাজার পরিবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট। পাশাপাশি পর্যাপ্ত জরুরি ওষুধ এবং স্বাস্থ্যসেবার অভাবে বিস্তীর্ণ অঞ্চলে রোগবালাই ও জনস্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ
নেপালের এই মানবিক সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান দ্রুত স্পষ্ট করতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অর্থ বিভাগে গতকাল মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক নোট পাঠানো হয়।
ওই নোটে বলা হয়, নেপালের সঙ্গে বাংলাদেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উদ্ভূত মানবিক সংকটের গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রী নেপালের ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় ১ মিলিয়ন মার্কিন ডলার অনুদান হিসেবে হস্তান্তরের নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরের রাষ্ট্রীয় বাজেট থেকে বিশেষ বরাদ্দের মাধ্যমে দ্রুত অনুদান হস্তান্তরের প্রশাসনিক প্রক্রিয়া গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
‘দুর্যোগ কূটনীতি’র বার্তা
প্রশাসনিক নথিপত্রের বিশ্লেষণ অনুযায়ী, নেপালকে এই আর্থিক সহায়তা কেবল তাৎক্ষণিক মানবিক সহযোগিতা নয়; এর সঙ্গে বাংলাদেশের আঞ্চলিক কূটনৈতিক অবস্থানেরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার নীতির আলোকে নেপালের সংকটে বাংলাদেশের এই সহায়তা আঞ্চলিক সংহতির একটি বার্তা বহন করছে। একই সঙ্গে সার্কের প্রতিষ্ঠাতা নীতিমালার আলোকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থানও এতে প্রতিফলিত হচ্ছে।
এনএনবাংলা/
